বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও বিতরণ পরিকাঠামোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। পোস্টে মুখ্যমন্ত্রী রাজ্যের বিদ্যুৎ খাতে হওয়া অগ্রগতি এবং চলমান বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, দ্রুতগতিতে বিনিয়োগ বাড়িয়ে অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করার লক্ষ্যে আমরা নিরলস কাজ করছি। আরও বেশি সাবস্টেশন নির্মাণ, অধিক ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি স্থাপন এবং নতুন সঞ্চালন লাইন সংযোজনের মাধ্যমে নির্ভরযোগ্য বিদ্যুৎ পরিষেবা রাজ্যের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে অসমে ৮২টি সাবস্টেশন চালু রয়েছে, যার সম্মিলিত গ্রিড ক্ষমতা ১০ হাজার এমভিএ। একই সঙ্গে রাজ্যের বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক ৫,৩০০ সার্কিট কিলোমিটার পর্যন্ত সম্প্রসারিত হয়েছে, যার ফলে বিদ্যুৎ পরিবহণ ও বিতরণ ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও নির্ভরযোগ্য হয়েছে। আগামী দিনে বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও ১৬টি নতুন সাবস্টেশন স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এই নতুন সাবস্টেশনগুলি চালু হলে অতিরিক্ত ৬,৩৪০ এমভিএ গ্রিড ক্ষমতা যুক্ত হবে, যা বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এবং লোডশেডিংয়ের সমস্যা অনেকাংশে কমাবে। এছাড়া রাজ্যের বিভিন্ন জেলায় ৯৫৭ সার্কিট কিলোমিটার নতুন সঞ্চালন লাইন চালু করার প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন এই লাইনগুলি চালু হলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও চাহিদা সম্পন্ন শহর-গ্রামের এলাকাগুলির মধ্যে সংযোগ আরও উন্নত হবে এবং সঞ্চালন ব্যবস্থায় বিদ্যমান প্রতিবন্ধকতা অনেকটাই কমে যাবে। শিল্পায়ন, দ্রুত নগরায়ণ এবং গ্রামীণ এলাকায় বিদ্যুতায়নের প্রসারের ফলে রাজ্যে বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়ছে। সেই বাড়তি চাহিদা পূরণে বিদ্যুৎ পরিকাঠামোর আধুনিকীকরণ ও সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। সরকারি কর্মকর্তাদের মতে, উন্নত সঞ্চালন ক্ষমতা এবং নির্ভরযোগ্য গ্রিড ব্যবস্থা অসমের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিল্প বিনিয়োগ আকর্ষণ এবং উত্তর-পূর্ব ভারতের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হিসেবে অসমকে গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা জানান, চলমান সমস্ত প্রকল্পগুলির মূল লক্ষ্য হল রাজ্যের প্রতিটি পরিবার, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান এবং বৃহৎ শিল্পক্ষেত্রে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা, যাতে অসম শিল্প ও অর্থনীতিতে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।













