বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : উচ্চ মাধ্যমিকে ভালো ফল করা ছাত্রীদের স্কুটি দেওয়ার কর্মসূচি এবার বন্ধের পথে হাঁটছে অসম সরকার। শিক্ষা দফতরের পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, চলতি শিক্ষাবর্ষে উত্তীর্ণ ও নির্ধারিত নম্বর পাওয়া ছাত্রীরা আগের নিয়ম মেনেই স্কুটি পাবেন। কিন্তু পরের বছর থেকে আর এই সুবিধা থাকবে না। উচ্চ মাধ্যমিকে ৮০ শতাংশ নম্বর পেলেও স্কুটি মিলবে না। স্কুটির বদলে সরকার এবার নিযুত মইনা প্রকল্পের আর্থিক অনুদান বাড়ানোর দিকে নজর দিচ্ছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সরকারের যুক্তি, সীমিত সংখ্যক ছাত্রী স্কুটি পেলেও নিযুত মইনায় টাকা বাড়ালে অনেক বেশি ছাত্রী উপকৃত হবে। তাই সরাসরি আর্থিক সাহায্যের পরিধি বাড়ানোই এখন অগ্রাধিকার। বৈঠকে শুধু প্রকল্প নয়, শিক্ষার পরিকাঠামো নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের ২৮টি কলেজে নতুন শিক্ষকের পদ তৈরিতে সবুজ সংকেত মিলেছে। একইসঙ্গে সম্প্রতি উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হওয়া ৪০৮টি স্কুলেও নতুন শিক্ষক নিয়োগ হবে। শিক্ষা দফতরের মতে, ছাত্রসংখ্যা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষক নিয়োগ ও আর্থিক প্রকল্প ঢেলে সাজানো হচ্ছে। কয়েক বছর ধরে স্কুটি প্রকল্পে হাজার হাজার মেধাবী ছাত্রী উপকৃত হয়েছে। আগামী বছর থেকে স্কুটি অধ্যায় শেষ হলেও নিযুত মইনায় বেশি টাকা দিয়ে ছাত্রীদের পড়াশোনায় পাশে থাকতে চায় সরকার।













