বিশেষ প্রতিবেদন। নয়াদিল্লি: এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের নিয়ে বুধবার বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকের টেবিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আর বৈঠকের ফাঁকেই ফিরল সেই চেনা দৃশ্য। এবার দিল্লির হলে বাটি ভর্তি ঝালমুড়ি নিয়ে হাজির হলেন শুভেন্দু, নিজের হাতে তা তুলে দিলেন প্রধানমন্ত্রীর হাতে। মোদিও খেতে খেতে হাসিমুখে সবার সঙ্গে গল্প জুড়ে দিলেন। এর আগেও ঝাড়গ্রামের সভায় এসে ঝালমুড়ি চেখে মোদি বলেছিলেন, ঝালটা তিনি খেয়েছেন, কিন্তু গা জ্বলছে তৃণমূলের।

সেদিনের সেই ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছিল। ঝালমুড়ি হাতে নিয়েই স্থানীয় মানুষের সঙ্গে দিব্যি মিশে গিয়েছিলেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ওই এক টুকরো ঝালমুড়িই ভোটের ময়দানে বড় ফারাক গড়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গে ঘাসফুলের জায়গা দখল করে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছিল পদ্মের আধিপত্য। বিদেশেও এই ঝালমুড়ি প্রসঙ্গ টেনেছেন মোদি। নেদারল্যান্ডসের মঞ্চ থেকে দেশের সাম্প্রতিক ভোটের কথা বলতে গিয়ে মজার ছলে জানতে চান, ঝালমুড়ির স্বাদ কি এখানেও পৌঁছে গেছে? দর্শকদের হাততালি-চিৎকারই ছিল উত্তর। সেখানেই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের ভোটের শতাংশও মনে করিয়ে দেন তিনি। বুধবারের এই এনডিএ বৈঠকে যোগ দিতে দুপুরের আগেই দিল্লি উড়ে যান শুভেন্দু অধিকারী। রাতটা দিল্লির সিন্ধু অ্যাপার্টমেন্টে কাটিয়ে বৃহস্পতিবার নীতি আয়োগের বৈঠকে অংশ নেবেন। তারপর বিকেলের ফ্লাইটেই কলকাতা ফেরার কথা তাঁর।













