নিজস্ব প্রতিবেদন। নয়াদিল্লি: কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছর পূর্ণ হল মঙ্গলবার। এই মাইলফলক উদযাপন করতে নয়াদিল্লির প্রগতি ময়দানের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ভারত মণ্ডপমে বসল এনডিএ-র বিশেষ বৈঠক। সেখানেই দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার কৃতিত্বে নরেন্দ্র মোদিকে ঐতিহাসিক শ্রদ্ধা জানিয়ে প্রস্তাব পাস করল জোট। প্রস্তাব পেশ করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন, এই বিশাল দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক সময়ে সঠিক জায়গায় তিনিই সঠিক মানুষ। বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ও নেতাদের শুভেচ্ছার জবাব দেন মোদি। পোস্টে তিনি লেখেন, এনডিএ-র যাত্রা গড়ে উঠেছে জাতীয় স্বার্থ আর আঞ্চলিক আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার যৌথ অঙ্গীকারের উপর। এই মানসিকতাই গণতন্ত্রকে শক্তিশালী করেছে, যুক্তরাষ্ট্রীয় সহযোগিতার বন্ধনকে গভীর করেছে এবং উন্নয়নের চাকাকে দ্রুত করেছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গত ১২ বছরে এনডিএ স্থিতিশীল সরকার উপহার দিয়েছে যা সব ক্ষেত্রে অগ্রগতির ভিত তৈরি করেছে। ভিক্সিত ভারতের লক্ষ্য সামনে রেখে আগামীতেও নতুন উদ্যমে দেশের সেবায় একসাথে কাজ করে যাবে এনডিএ। বৈঠক শেষে নেতাদের সঙ্গে গ্রুপ ছবিও পোস্ট করেন মোদি, যেখানে ব্যানারে ছিল ‘দেশের সর্বাধিক কার্যকালের নিরন্তর নির্বাচিত প্রধানমন্ত্রী’র উল্লেখ।












