নিজস্ব প্রতিবেদন, গুয়াহাটি: অসম সরকারের সম্প্রসারিত মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৮ জন প্রশাসনিক আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামী শুক্রবার গুয়াহাটির খানাপাড়ায় অবস্থিত জ্যোতি-বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে অসমের মন্ত্রীপরিষদের নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা, অতিথি আপ্যায়ন ও আসন বিন্যাস — সবকিছু নিখুঁত রাখতে রাজ্য সরকার ৮ জন প্রশাসনিক আধিকারিককে নিয়োগ করেছে।
সরকারি নির্দেশে জানানো হয়েছে, এই ৮ জন আধিকারিককে অতিথি আপ্যায়ন ও আসন বিন্যাস কমিটির সঙ্গে যুক্ত করা হয়েছে। তাঁদের কাজ হবে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানানো, গণ্যমান্য ব্যক্তিদের বসার ব্যবস্থা করা এবং অনুষ্ঠান চলাকালীন শৃঙ্খলা বজায় রাখা।
জ্যোতি-বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে বড়সড় জমায়েত হবে বলে প্রশাসনের অনুমান। তাই কোনওরকম বিশৃঙ্খলা যাতে না হয়, সেজন্য আগে থেকেই আধিকারিকদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
শপথ অনুষ্ঠানকে ঘিরে খানাপাড়া এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশেপাশের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের প্রস্তুতি চলছে।












