নিজস্ব প্রতিবেদন: সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং ইউথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস এর কেন্দ্রীয় কমিটি। আজ মেহেরপুরের জেলা সমাজকল্যাণ দপ্তরে আয়োজিত “প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়ন ও ইউডিআইডি নিবন্ধন শিবিরে” সহযোগী সংগঠন হিসেবে অংশ নেয় দুই সংগঠন।
অসম সরকারের উদ্যোগে এবং সক্ষম দক্ষিণ অসমের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে আসা প্রায় ৫০০ জন দিব্যাঙ্গ ব্যক্তি, তাঁদের অভিভাবক ও পরিবারের সদস্যদের জন্য পানীয় জল, বিস্কুটের প্যাকেট ও চকলেট বিতরণ করা হয়। সারাদিন ধরে চলা এই মূল্যায়ন ও নিবন্ধন কাজে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
লায়ন্স ক্লাব ভ্যালি ভিউ-এর প্রকল্প চেয়ারপার্সন মিনারা লস্কর ও ইয়াসির প্রকল্প দায়িত্বপ্রাপ্ত মান্না দত্ত বলেন, এই মহৎ উদ্যোগের অংশ হতে পেরে তাঁরা গর্বিত। সরকারি আয়োজক ও সংশ্লিষ্ট কর্মকর্তা মিঠুন রায়কে তাঁরা আন্তরিক ধন্যবাদ জানান।
শিবিরে লায়ন্স ক্লাব ভ্যালি ভিউ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন গাইডিং লায়ন সঞ্জীব রায়, পুষ্পাবতী রায়, সুবীর দে প্রমুখ। ইয়াসির পক্ষ থেকে ছিলেন সাজন লস্কর, আহাদ বড়ভূঁইয়া এবং অন্যান্য সদস্যরা।
দিব্যাঙ্গ মানুষের জন্য ইউডিআইডি কার্ড ভীষণ জরুরি। এক কার্ডেই সব সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যায়। সেই কাজ সহজ করতেই এই শিবিরের আয়োজন।












