বরাককণ্ঠ প্রতিবেদন। ৩১ মে: ৫ জুন অসমের মন্ত্রিসভা সম্প্রসারিত হবে। রবিবার এক্স-এ পোস্ট করে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা এই তারিখ জানান। তিনি লেখেন, “অসম সরকারের মন্ত্রিপরিষদ ৫ জুন, ২০২৬ তারিখে সম্প্রসারিত হবে।” নতুন মন্ত্রীদের নাম এখনও জানাননি।
সংবিধানের ১৬৪ অনুচ্ছেদের ১-ক ধারা অনুযায়ী, অসমের ১২৬ সদস্যের বিধানসভায় মুখ্যমন্ত্রীসহ সর্বোচ্চ ১৯ জন মন্ত্রী রাখা যাবে।
গত ৪ মে ভোটে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট ১২৬ আসনের মধ্যে ১০২টি জিতে টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরে। বিজেপি পায় ৮২ আসন, অসম গণ পরিষদ ও বোদোল্যান্ড পিপলস ফ্রন্ট পায় ১০টি করে আসন।
১২ মে গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে হিমন্তবিশ্ব শর্মা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির রামেশ্বর তেলি ও অজন্তা নেওগ, অসম গণ পরিষদের অতুল বরা এবং বোদোল্যান্ড পিপলস ফ্রন্টের চরণ বড়ো।
এখন মুখ্যমন্ত্রী বাদে মন্ত্রিসভায় চারজন আছেন। তাই শূন্য পদ পূরণের সঙ্গে পুরনো মন্ত্রীদের দফতরেও বদল হতে পারে।
রাজভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রামেশ্বর তেলির কাছে রূপান্তর ও উন্নয়ন, শ্রমকল্যাণ এবং চা-জনজাতি ও আদিবাসী কল্যাণ দফতর। অতুল বরার কাছে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, অসম চুক্তি বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন এবং আবগারি দফতর। চরণ বড়ো দেখছেন পরিবহণ ও বোদোল্যান্ড কল্যাণ দফতর। অজন্তা নেওগের দায়িত্বে মহিলা ও শিশু উন্নয়ন এবং পর্যটন দফতর।
৫ জুন কারা নতুন মন্ত্রী হচ্ছেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।












