বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : অসম সরকারের উচ্চশিক্ষা বিভাগের নির্দেশিকা অনুসারে শ্রীগৌরীর খাইরুন্নেছা বেগম মহিলা কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর ব্যবস্থাপনায় সম্পন্ন হলো বক্তৃতা প্রতিযোগিতা। শনিবার কলেজের সেমিনার হলে আয়োজিত এই বক্তৃতা প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হলো মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর নানা কর্মসূচি। উচ্চশিক্ষা বিভাগের নির্দেশ অনুযায়ী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই অভিযান চলবে এবং এর অঙ্গ হিসেবে পর্যায়ক্রমে কুইজ, বিতর্ক সভা ইত্যাদি নানা কর্মসূচি পালন করা হবে। বক্তৃতা প্রতিযোগিতায় স্নাতক স্তরে বিষয় শিরোনাম ছিল ‘অর্থনৈতিক অগ্রগতি ও পরিবেশ সুরক্ষা: ভারসাম্যের সন্ধান’। অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তৃতা পেশ করেন কলেজের অধ্যক্ষ ড. সুফিয়ান আহমেদ এবং ‘সেবা সংকল্প অভিযান’ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কলেজের পরিচালক অধ্যাপক ড. দীপঙ্কর কর। তাঁর বক্তব্যে উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির জনসেবামূলক কর্মজীবনের পঁচিশ বছরের নানা তথ্য, বিকশিত ভারতের নানা পরিকল্পনা ও রাষ্ট্রের উন্নতিতে যুব সমাজের ভূমিকা। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব ছাত্রীদের উৎসাহিত করেন। অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. মাসুদ আহমেদ। বিভিন্ন বিভাগের ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তারমধ্যে পর্যায়ক্রমে প্রথম হয় অর্থনীতি বিভাগের মাহফুজা বড়ভূঁইয়া, দ্বিতীয় অর্থনীতি বিভাগের মাসুমা ফিরদৌসি, তৃতীয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বেগম তানিজা ইয়াসমিন। সকলকে কলেজের পক্ষ থেকে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। বক্তৃতা প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক ড. মধুসূদন সরকার, অধ্যাপক ড. শতরূপা দেব এবং মাসুদা রৌশন। সব শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।













