২৯ নভেম্বর গ্র্যান্ড ফিনালেতে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বরাককণ্ঠ প্রতিবেদন। নতুন দিল্লি : ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদযাপনের গ্র্যান্ড ফিনালের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রবিবার নতুন দিল্লির ভারত মণ্ডপম পরিদর্শন করেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী ভারত মণ্ডপমের মূল হল এবং সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহগুলি ঘুরে দেখেন এবং অনুষ্ঠানের নিরাপত্তা, আসন ব্যবস্থা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, কিংবদন্তি শিল্পী, সুরকার ও গীতিকার ড. ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে অসম সরকার। এরই চূড়ান্ত পর্ব হিসেবে আগামী ২৯ নভেম্বর, ২০২৬ তারিখে ভারত মণ্ডপম, নতুন দিল্লিতে সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি হবে ভূপেন হাজারিকার অমর কণ্ঠ ও অসাধারণ যাত্রাকে সমগ্র দেশের সামনে আবারও তুলে ধরার এক সুযোগ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ:
১. বিশেষ প্রদর্শনী: অনুষ্ঠানস্থলে ভূপেন হাজারিকার জীবন, তাঁর সৃষ্টি ও সময়ের উপর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। এই প্রদর্শনীতে তাঁর শিল্পী জীবনের বর্ণময় যাত্রা, অসমীয়া ও ভারতীয় সংগীত এবং চলচ্চিত্রে তাঁর অবদান তুলে ধরা হবে।
২. সাংস্কৃতিক সমাহার: গ্র্যান্ড ফিনালেতে দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, শিল্পী, সাংস্কৃতিক কর্মী এবং সুধাকণ্ঠের অগণিত অনুরাগী একত্রিত হবেন।
মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক মাধ্যমের পোস্টে বলেন, “We are curating an unforgettable tribute, one truly befitting the legacy of Sudhakantha”। অর্থাৎ আমরা সুধাকণ্ঠের উত্তরাধিকারের প্রতি সুবিচার করে এক অবিস্মরণীয় শ্রদ্ধাঞ্জলি তৈরি করছি।
তিনি আরও বলেন, “ভূপেনদার সঙ্গীত অসমের, কিন্তু তাঁর উত্তরাধিকার সমগ্র জাতির। সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তার মাপকাঠি হওয়ার অনেক আগে থেকেই তাঁর সুরেলা কণ্ঠ লক্ষ লক্ষ ভারতীয়কে মোহিত করেছে। তাঁর নাম অসমের সাংস্কৃতিক পরিচয়ের সমার্থক।”
ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত এই শিল্পীর গান ব্রহ্মপুত্র, গঙ্গা এবং মিসিসিপির তীর ছাড়িয়ে বিশ্বের দরবারে পৌঁছে গেছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।












