শিলচর, ২৭ এপ্রিল: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়াকে নিরবচ্ছিন্ন ও ত্রুটিমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসন গণনাকর্মীদের জন্য একটি বিস্তৃত প্রশিক্ষণ ব্যবস্থার আয়োজন করেছে। এই প্রশিক্ষণ অধিবেশন দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল ও ২ মে ২০২৬ তারিখে সরকারি বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে সকাল ১০:৩০টা থেকে শুরু হবে। এর মূল লক্ষ্য হলো সুষ্ঠু নির্ভুল ও স্বচ্ছ গণনা প্রক্রিয়া নিশ্চিত করা। সহকারী স্তরের মাস্টার ট্রেনার এবং মাস্টার ট্রেনারদের একটি দল এই প্রশিক্ষণ পরিচালনার জন্য নিযুক্ত করা হয়েছে। এই দলে শিলচর পলিটেকনিক, গুরুচরণ কলেজ, কাছাড় কলেজ, নেহরু কলেজ, অসম বিশ্ববিদ্যালয়সহ জেলার বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত রয়েছেন। এই দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষকদের মধ্যে রয়েছেন ড.পঙ্কজ গোস্বামী, ড.সুমিতা ভট্টাচার্য, ড.অভিনয় পাল, ড.মেঘমালা মহন্ত, কিশোর কুমার দেব, ড.এ. পুষ্পলতা সিংহ, সুরজিৎ আচার্য, ড.সোমা ভট্টাচার্য, ড.সৌমিত্র নাথ, ড.হেমন্ত কুমার বরা, যোগেন্দ্র চন্দ্র দাস, দেবব্রত আচার্য, ড.স্বপন দাস, ড.সূর্যসেন দেব, ড.গঙ্গেশ ভট্টাচার্য, ড.দেবাশিস চক্রবর্তী, ড.বিপ্লব চৌধুরী এবং ড.জয়দীপ চক্রবর্তী। প্রশিক্ষণ কর্মসূচি সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে প্রত্যেক প্রশিক্ষককে নির্দিষ্ট কক্ষে দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে গণনার বিস্তারিত পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে সংশ্লিষ্ট কর্মীরা নির্ধারিত নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করে স্পষ্টতা ও নির্ভুলতার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করতে পারেন। সকল প্রশিক্ষককে সময়মতো কর্মসূচি শুরু এবং সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করার জন্য অন্তত ত্রিশ মিনিট পূর্বে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও প্রশিক্ষণকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কিরীটি ভূষণ দে এবং রাহুল কান্তি নাথকে নিয়ে একটি রিজার্ভ প্যানেল প্রস্তুত রাখা হয়েছে।












