,

১৯ মে শিলচর সঙ্গীত বিদ্যালয়ে ৩০ সংগঠনের যৌথ উদ্যোগে পালিত হবে ভাষা শহিদ দিবস

বরাককণ্ঠ প্রতিবেদন: মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার লড়াইয়ে প্রাণ দেওয়া ১১ শহিদের আত্মত্যাগকে স্মরণ করতে শিলচর শহরের প্রায় ৩০টি সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সাহিত্য সংগঠনের যৌথ উদ্যোগে এবছর পালিত হবে ঐতিহাসিক ১৯শে মে ভাষা শহিদ দিবস। আগামী ১৯শে মে ২০২৬, সোমবার বিকেল ৫টায় শিলচরের সঙ্গীত বিদ্যালয়ের মঞ্চে অনুষ্ঠিত হবে মূল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। ১৯৬১ সালের ১৯ মে…

বরাককণ্ঠ প্রতিবেদন: মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার লড়াইয়ে প্রাণ দেওয়া ১১ শহিদের আত্মত্যাগকে স্মরণ করতে শিলচর শহরের প্রায় ৩০টি সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সাহিত্য সংগঠনের যৌথ উদ্যোগে এবছর পালিত হবে ঐতিহাসিক ১৯শে মে ভাষা শহিদ দিবস। আগামী ১৯শে মে ২০২৬, সোমবার বিকেল ৫টায় শিলচরের সঙ্গীত বিদ্যালয়ের মঞ্চে অনুষ্ঠিত হবে মূল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। ১৯৬১ সালের ১৯ মে বরাক উপত্যকায় মাতৃভাষা বাংলায় সরকারি কাজকর্ম চালু রাখার দাবিতে শিলচর রেলস্টেশনে চলছিল সত্যাগ্রহ। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের নির্বিচার গুলিতে শহিদ হন কমলা ভট্টাচার্য, কানাইলাল নিয়োগী, শচীন্দ্র পাল-সহ ১১ জন ভাষা সৈনিক। সেই রক্তঝরা দিনটিকেই বরাক উপত্যকা প্রতি বছর শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে স্মরণ করে। আয়োজকের পক্ষ থেকে ভাস্কর দাস এবং জয়দীপ চক্রবর্তী শিলচরের সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করে অনুষ্ঠানটিকে সার্থক করে তুলতে বিশেষভাবে আবেদন রেখেছেন। তাঁরা জানান, এই ১৯শে মে-র দিনে শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মৌনতা পালনের পাশাপাশি নাচ, গান, আবৃত্তি ও শহিদদের আত্মবলিদানের উপর সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। অনুষ্ঠানে শহরের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ছাড়াও বুদ্ধিজীবী, সাহিত্যিক, ছাত্র-যুব সমাজ অংশ নেবেন। উদ্যোক্তারা মনে করছেন, বর্তমান সময়ে মাতৃভাষার সংকট ও বাঙালির অস্তিত্বের লড়াইয়ে ১৯শে মে-র চেতনা আরও প্রাসঙ্গিক। তাই নতুন প্রজন্মকে এই ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই যৌথ উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। এই গৌরবময় দিনে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিলচরের সকল নাগরিকের আন্তরিক উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *