জনসংযোগ। শিলচর : পারস্পরিক সমঝোতার মাধ্যমে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটাতে আগামী ১২ সেপ্টেম্বর, ২০২৬ কাছাড় জেলায় অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় লোক আদালত। কাছাড় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ (DLSA), শিলচরের উদ্যোগে জেলার বিভিন্ন আদালত চত্বরে এই লোক আদালতের আয়োজন করা হবে। বিচারাধীন এবং মামলা পূর্ব দুই ধরনের মামলাই এখানে নিষ্পত্তির জন্য গ্রহণ করা হবে।
সকাল সাড়ে ৯টা থেকে জেলা আদালত চত্বর, পারিবারিক আদালত চত্বর এবং লক্ষ্মীপুর আদালত চত্বরে লোক আদালতের কার্যক্রম শুরু হবে।
এই লোক আদালতে দেওয়ানি বিরোধ, বিশেষ বিদ্যুৎ মামলা, আপসযোগ্য অপরাধ-সংক্রান্ত GR ও PRC মামলা, Negotiable Instruments Act-এর অধীন মামলা, Motor Vehicle Act-এর অধীন মামলা, বৈবাহিক বিরোধ এবং Motor Accident Claims Tribunal (MACT)-এর মামলা-সহ বিভিন্ন ধরনের বিচারাধীন মামলা নিষ্পত্তির জন্য গ্রহণ করা হবে।
পাশাপাশি, APDCL, BSNL এবং বিভিন্ন ব্যাংক-সংক্রান্ত মামলা-পূর্ব মামলাও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির জন্য বিবেচনা করা হবে।
যেসব মামলায় সংশ্লিষ্ট পক্ষগুলি ইতিমধ্যে সমন বা নোটিশ পেয়েছেন, তাঁদের উভয় পক্ষকেই জাতীয় লোক আদালতে উপস্থিত হয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ মিটিয়ে নেওয়ার সুযোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে কাছাড় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।
লোক আদালতে মামলার নিষ্পত্তির ক্ষেত্রে পক্ষগুলিকে প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট আদালত এবং নির্ধারিত বুথগুলিতে DLSA, কাছাড়ের পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের রাখা হবে। তাঁরা উভয় পক্ষের মধ্যে সমঝোতার পরিবেশ তৈরি করে মামলাগুলির দ্রুত নিষ্পত্তিতে সহায়তা করবেন।












