,

সুপ্রিম কোর্টে আরও ৪ বিচারপতি, বিল পাস করল লোকসভা

বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা আরও বাড়ছে। সোমবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাস হল সুপ্রিম কোর্ট (বিচারপতি সংখ্যা বৃদ্ধি) সংশোধনী বিল, ২০২৬। নতুন আইন কার্যকর হলে শীর্ষ আদালতে বিচারপতির অনুমোদিত পদসংখ্যা ৩৩ থেকে বেড়ে ৩৭ হবে। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি পেশ করে বলেন, মামলার বিপুল চাপ সামলাতে এবং বিচার প্রক্রিয়া…

বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা আরও বাড়ছে। সোমবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাস হল সুপ্রিম কোর্ট (বিচারপতি সংখ্যা বৃদ্ধি) সংশোধনী বিল, ২০২৬। নতুন আইন কার্যকর হলে শীর্ষ আদালতে বিচারপতির অনুমোদিত পদসংখ্যা ৩৩ থেকে বেড়ে ৩৭ হবে।

আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি পেশ করে বলেন, মামলার বিপুল চাপ সামলাতে এবং বিচার প্রক্রিয়া দ্রুত করতে এই সিদ্ধান্ত। তবে বিল পেশের পরই বিরোধীরা NEET পেপার ফাঁস ও রাম মন্দিরের অনুদান নিয়ে দুর্নীতির অভিযোগে স্লোগান শুরু করেন। ফলে আলোচনার সুযোগ না দিয়েই ভয়েস ভোটের মাধ্যমে বিলটি পাস করিয়ে নেয় সরকার। এরপরই অধিবেশন মুলতুবি হয়ে যায়। এখন বিলটি রাজ্যসভায় যাবে।

উল্লেখ্য, গত ৫ মে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিল আনার ছাড়পত্র দেয়। ১৯৫৬ সালের সুপ্রিম কোর্ট আইন সংশোধন করেই নতুন বিচারপতির পদ তৈরি করা হচ্ছে।

সরকারের দাবি, বিচারপতির সংখ্যা বাড়লে বেঞ্চের সংখ্যা বাড়বে, ফলে নিষ্পত্তি না হওয়া মামলার জট কমবে এবং সাধারণ মানুষ দ্রুত বিচার পাবে।

এর আগে ২০১৯ সালে শেষবার বিচারপতির সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৩৩ করা হয়েছিল। তখনও যুক্তি ছিল একই — ক্রমবর্ধমান মামলার চাপ সামলানো।

এবার আরও ৪টি পদ বাড়ায় সুপ্রিম কোর্টের মোট শক্তি দাঁড়াচ্ছে ৩৮ জনে, যার মধ্যে ১ জন প্রধান বিচারপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *