,

সাংবাদিক অপদস্তের ঘটনায় পুলিশ আধিকারিকের ক্ষমা দাবি প্রেস ক্লাবের

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটী : মহানগরীর চন্দ্রপুরে অবস্থিত প্রাগজ্যোতিষপুর থানায় শনিবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন মধ্য গুয়াহাটি জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার সম্ভাবী মিশ্র। ওই সাংবাদিক সম্মেলনে নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করার জন্য ‘আমার অসম’ পত্রিকার সাংবাদিক শামসুল রহমান এবং ‘নিয়মীয়া বার্তা’ পত্রিকার সাংবাদিক বিভাস চন্দ্র দাসকে অপমান করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পূর্ব গুয়াহাটী প্রেস ক্লাব ও…

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটী : মহানগরীর চন্দ্রপুরে অবস্থিত প্রাগজ্যোতিষপুর থানায় শনিবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন মধ্য গুয়াহাটি জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার সম্ভাবী মিশ্র। ওই সাংবাদিক সম্মেলনে নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করার জন্য ‘আমার অসম’ পত্রিকার সাংবাদিক শামসুল রহমান এবং ‘নিয়মীয়া বার্তা’ পত্রিকার সাংবাদিক বিভাস চন্দ্র দাসকে অপমান করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পূর্ব গুয়াহাটী প্রেস ক্লাব ও প্রাগজ্যোতিষপুর প্রেস ক্লাব। আজ এই বিষয়ে প্রাগজ্যোতিষপুর প্রেস ক্লাবের সম্পাদক অনুপ বৈশ্য এবং পূর্ব গুয়াহাটী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনোজ কুমার ডেকার উপস্থিতিতে দুটি পৃথক জরুরি সভা অনুষ্ঠিত হয়। দুটি সভাতেই পূর্ব গুয়াহাটী প্রেস ক্লাবের সভাপতি ও ‘আমার অসম’-এর সাংবাদিক শামসুল রহমান এবং প্রাগজ্যোতিষপুর প্রেস ক্লাবের সভাপতি ও ‘নিয়মীয়া বার্তা’-র সাংবাদিক বিভাস চন্দ্র দাসকে সংবাদমেলার শেষে প্রকাশ্যে এবং পরে আলাদা করে ডেকে নিয়ে ভারপ্রাপ্ত আধিকারিকের অফিসে সাতগাঁও ও প্রাগজ্যোতিষপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দুজনের সামনে অপমান ও হুমকি দেওয়ার ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংবাদমেলায় উপস্থিত প্রত্যেক সাংবাদিক ঘটনাটি সম্পর্কে নিজ মতামত তুলে ধরেন। ভুক্তভোগী দুই সাংবাদিকও তাদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা জানিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। এছাড়াও তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং চাকরি থেকে বরখাস্ত ও ভবিষ্যতে অন্য কোনো সংবাদ মাধ্যমে কাজ করতে না দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন সাংবাদিক দুজন। দুটি সভাতেই উপস্থিত সাংবাদিকরা পুলিশ আধিকারিকের এমন আচরণে ক্ষুব্ধ হন এবং দুটি প্রেস ক্লাব যৌথভাবে কয়েকটি প্রস্তাব গ্রহণ করে। সভা শেষে প্রাগজ্যোতিষপুর প্রেস ক্লাবের সম্পাদক অনুপ বৈশ্য ও পূর্ব গুয়াহাটী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনোজ কুমার ডেকা যৌথ বিবৃতিতে জানান, আজকের সভায় সাংবাদিককে অপদস্ত করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক সপ্তাহের মধ্যে মধ্য গুয়াহাটি জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার সম্ভাবী মিশ্রকে বিনা শর্তে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশের ডিজিপি এবং মহানগর পুলিশ কমিশনারকে দুটি প্রেস ক্লাব যৌথভাবে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রেস ক্লাবের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষমা না চাওয়া হলে জনগণের সহযোগিতায় গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অনুপ বৈশ্য ও মনোজ কুমার ডেকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *