,

শিলচর সিভিল হাসপাতালে ৫০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালুর দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র, পুকুর সংস্কারের দাবিতেও PWD-কে চিঠি

বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : এসএম দেব সিভিল হাসপাতালে ৫০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট দ্রুত চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় চিকিৎসক ও বিশেষজ্ঞ নিয়োগ এবং ইউনিটটি শীঘ্রই চালু করার দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল শিলচর সিভিল হাসপাতাল দাবি কমিটি। শুক্রবার কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই দাবি সংবলিত এক স্মারকপত্র দেওয়া হয়। কমিটি জানায়, ২৪×৭ পরিষেবা প্রদানের…

বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : এসএম দেব সিভিল হাসপাতালে ৫০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট দ্রুত চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় চিকিৎসক ও বিশেষজ্ঞ নিয়োগ এবং ইউনিটটি শীঘ্রই চালু করার দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল শিলচর সিভিল হাসপাতাল দাবি কমিটি। শুক্রবার কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই দাবি সংবলিত এক স্মারকপত্র দেওয়া হয়। কমিটি জানায়, ২৪×৭ পরিষেবা প্রদানের উপযোগী ৫০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালু করতে সংশ্লিষ্ট বিভাগগুলিতে জরুরি ভিত্তিতে চিকিৎসক/বিশেষজ্ঞ নিয়োগ অত্যন্ত অপরিহার্য। মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো স্মারকপত্রে মোট তেরোটি বিষয় তুলে ধরা হয়, সেগুলি হল – মেডিসিন ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ন্যূনতম ৫ জন, জেনারেল সার্জন ৩ জন, অর্থোপেডিক বিশেষজ্ঞ ১ জন, চক্ষু বিশেষজ্ঞ ১ জন, হৃদরোগ বিশেষজ্ঞ ১ জন, স্নায়ুরোগ বিশেষজ্ঞ ১ জন, ফুসফুস ও শ্বাসযন্ত্র বিশেষজ্ঞ ১ জন, কিডনি রোগ বিশেষজ্ঞ ১ জন, অ্যানেস্থেসিওলজিস্ট ৩ জন, আইসিইউ রেসিডেন্ট চিকিৎসক প্রতি শিফটে ৫ জন, রেডিওলজিস্ট ৩ জন, শিশুরোগ বিশেষজ্ঞ ৩ জন এবং মাইক্রোবায়োলজিস্ট/সংক্রামক রোগ বিশেষজ্ঞ ২ জন। এই বিভাগগুলির কার্যকর পরিষেবা নিশ্চিত করতে পর্যাপ্ত প্যারামেডিক্যাল ও সহায়ক কর্মী নিয়োগ, একটি নিওনেটাল কেয়ার ইউনিট এবং জরুরি রোগীদের জন্য একটি অপারেশন থিয়েটার স্থাপনও অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করা হয়। শহরের সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় এই হাসপাতালের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানায় কমিটি। স্মারকপত্রের প্রতিলিপি জয়েন্ট ডিরেক্টর সুমনা নাইডিং, এডিসি হেলথ, জেলাশাসক এবং সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্টের হাতে তুলে দেওয়া হয়। এদিকে, সিভিল হাসপাতালের জলাশয়ের দুরবস্থা নিয়ে PWD বিল্ডিং ডিভিশনে পৃথক চিঠি জমা দিয়েছে কমিটি। হাসপাতালের পুকুর দীর্ঘদিন থেকে ধ্বংসের মুখে, বিশেষভাবে পশ্চিম ও দক্ষিণ দিকের অবস্থা মারাত্মক শোচনীয়, তাই জলাশয় রক্ষায় শীঘ্রই মাটি ফেলে ভরাট ও সংস্কারের আর্জি জানানো হয়েছে এবং এই বিষয়ে জয়েন্ট ডিরেক্টর ও সুপারকেও অবহিত করা হয়। এদিন উপস্থিত ছিলেন হানিফ আহমদ বড়ভূঁইয়া, শিপ্রা চক্রবর্তী, দীপঙ্কর চন্দ, খাদেজা লস্কর, কমল চক্রবর্তী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *