,

শিলচর পৌর নিগম নির্বাচন: প্রচারের শেষ লগ্নে বুধবার শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, পুলিশ প্যারেড গ্রাউন্ডে জনসভা

বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : শিলচর পৌর নিগম নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। ভোটের প্রচারের শেষ লগ্নে বিজেপির পক্ষে হাওয়া আরও জোরদার করতে বুধবার শিলচরে আসছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। মঙ্গলবার শিলচর জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সফরসূচির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রাজ্যের নগরোন্নয়ন ও জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। তিনি জানান,…

বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : শিলচর পৌর নিগম নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। ভোটের প্রচারের শেষ লগ্নে বিজেপির পক্ষে হাওয়া আরও জোরদার করতে বুধবার শিলচরে আসছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

মঙ্গলবার শিলচর জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সফরসূচির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রাজ্যের নগরোন্নয়ন ও জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। তিনি জানান, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শিলচর পৌর নিগম নির্বাচনকে কেন্দ্র করে এটিই ডঃ শর্মার প্রথম শিলচর সফর, তাই এই সফরকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি:

মন্ত্রী কৌশিক রায় জানান, বুধবার সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করবেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দর থেকে তিনি সরাসরি বরাক ভ্যালি অসম সচিবালয়ে যাবেন। সেখানে তিনি কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার বিভিন্ন সরকারি বিভাগের উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করবেন। শিলচর পৌর নিগম এলাকার চলমান প্রকল্পগুলির বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সচিবালয়ের বৈঠক শেষে বিকেল ৪টায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজেপির বিশাল নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। এই জনসভা থেকেই তিনি শিলচরকে নিয়ে তাঁর আগামী দিনের একাধিক পরিকল্পনা ও ভিশনের কথা তুলে ধরবেন বলে জানান মন্ত্রী।

মন্ত্রী আরও জানান, সম্প্রতি বিজেপির পক্ষ থেকে শিলচর পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে ‘সংকল্প পত্র’ প্রকাশ করা হয়েছে। সেই সংকল্প পত্রে শিলচরকে একটি আধুনিক, পরিষ্কার ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে দলীয় প্রার্থী ও কর্মীরা সেই সংকল্প পত্রের বিভিন্ন প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।

SIR নিয়ে কংগ্রেসকে নিশানা:

এদিনের সাংবাদিক সম্মেলনে SIR বা Special Intensive Revision প্রক্রিয়া নিয়ে কংগ্রেসের তোলা অভিযোগের তীব্র জবাব দেন সাংসদ কণাদ পুরকায়স্থ। তিনি বলেন, “ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নির্বাচন কমিশনের একটি নিয়মিত ও সাংবিধানিক প্রক্রিয়া। এটা কোনো দলের তৈরি করা নয়।” কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, কংগ্রেস নির্বাচনে জয়ী হলে নির্বাচন কমিশন ভালো, আর বিজেপি জয়ী হলেই নির্বাচন কমিশন খারাপ — এই দ্বিচারিতা মানুষ আর মেনে নেবে না।

এদিনের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ কণাদ পুরকায়স্থ, কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক ড. রাজদীপ রায় এবং বিধায়ক রাজদীপ গোয়ালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *