জনসংযোগ। শিলচর : আসন্ন শিলচর পৌর নিগমের নির্বাচন, ২০২৬-এর সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিচালনার পরিপ্রেক্ষিতে নির্বাচনের সঙ্গে সম্পর্কিত জরুরি সরকারি ডাক, চিঠিপত্র ও অন্যান্য নথি নিরবচ্ছিন্নভাবে গ্রহণ ও প্রেরণ নিশ্চিত করতে কাছাড় জেলা প্রশাসন জেলার সমস্ত সরকারি বিভাগের প্রধানদের তাঁদের নিজ নিজ বিভাগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
কাছাড়ের জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা আইএএস নির্দেশ দিয়েছেন যে, নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাছাড় জেলার সমস্ত বিভাগের প্রধানরা তাঁদের নিজ নিজ বিভাগীয় কার্যালয় প্রাঙ্গণ ন্যূনতম প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়ে খোলা রাখবেন। সরকারি ছুটির দিনগুলিতেও এই ব্যবস্থা কার্যকর থাকবে, যাতে নির্বাচনের সঙ্গে সম্পর্কিত জরুরি ডাক, চিঠিপত্র এবং অন্যান্য সরকারি যোগাযোগ যথাসময়ে গ্রহণ ও প্রেরণ করা যায়।
নির্বাচনকালীন সময়ে বিভিন্ন সরকারি বিভাগের মধ্যে সময়োপযোগী যোগাযোগ ও কার্যকর সমন্বয় নিশ্চিত করার লক্ষ্যে এই নির্দেশ জারি করা হয়েছে। এর ফলে শিলচর পৌর নিগমের নির্বাচন, ২০২৬-এর সুষ্ঠু, দক্ষ ও কার্যকর পরিচালনায় সহায়তা মিলবে।
উল্লেখ্য, এই বিষয়ে সমস্ত বিভাগী প্রধানদের আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, এ সংক্রান্ত গৃহীত ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট অর্ডার এবং এই কাজে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের যোগাযোগের নম্বর অবিলম্বে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা আয়ুক্তের কার্যালয়ে প্রেরণ করতে হবে।
জেলা প্রশাসন নির্বাচন প্রক্রিয়া চলাকালীন নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কোনও জরুরি সরকারি যোগাযোগ যাতে বিলম্বিত না হয়, তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। পাশাপাশি, সরকারি ছুটির দিনগুলিতেও প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা কার্যকর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।












