শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি, জেলা জুড়ে আনন্দ
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : ধুবড়ি জেলার দক্ষিণ পাড়ের জন্য গর্বের মুহূর্ত। পি এম শ্রী জামাদারহাট জনতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষক আজিজুর রহমান শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য রাজ্যিক শিক্ষক পুরস্কার-২০২৬ এ সম্মানিত হয়েছেন।
সুন্দরপাড়া গ্রামের বাসিন্দা আজিজুর রহমান গুয়াহাটির পাঞ্জাবাড়িতে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের শ্রী শ্রী দামোদরদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে আয়োজিত শিক্ষক দিবসের বিশেষ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড.রণোজ পেগুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন।
রাজ্য সরকারের বহুস্তরীয় মূল্যায়ন ও অনুমোদনের পর এবার মোট ১৫ জন শিক্ষককে রাজ্যিক শিক্ষক পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এর মধ্যে ৯ জন মাধ্যমিক শিক্ষা এবং ৬ জন প্রাথমিক শিক্ষার শিক্ষক।
শিক্ষাদানের প্রতি নিষ্ঠা, নতুন ও উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ এবং ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আজিজুর রহমানকে এই সম্মানের জন্য নির্বাচিত করা হয়।
এই সাফল্য গোটা ধুবড়ি জেলার জন্য গর্বের বিষয়। তার এই সম্মান অঞ্চলের শিক্ষক সমাজের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে। তার এই কৃতিত্ব অন্য শিক্ষকদেরও আরও নিষ্ঠা ও নতুন চিন্তাধারায় কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।












