কমল কৃষ্ণ কুইলা । কলকাতা : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি “বিনম্রতা ও কর্তব্যবোধের সঙ্গে” গ্রহণ করছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আস্থার জন্য কৃতজ্ঞ।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোশী জানান, দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তিনি পূর্ণ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যে আস্থা রেখে তাঁকে এই দায়িত্ব দিয়েছেন, সেই বিশ্বাস রক্ষা করাই তাঁর প্রধান লক্ষ্য।
প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাজেরও প্রশংসা করেন প্রহ্লাদ যোশী। তাঁর বক্তব্য, জাতীয় শিক্ষা নীতি (NEP) বাস্তবায়নসহ শিক্ষা ক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধান একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন এবং সেই সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবেন তিনি। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে চলমান উন্নয়নের গতি আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাসও দেন নতুন শিক্ষামন্ত্রী।
রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণ করেছেন। একই সঙ্গে প্রহ্লাদ যোশীকে তাঁর বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণের পরপরই প্রহ্লাদ যোশী শিক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রথম পর্যালোচনা বৈঠকও করেন। সাম্প্রতিক সময়ে শিক্ষা ব্যবস্থা ও বিভিন্ন পরীক্ষাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার মধ্যেই নতুন শিক্ষামন্ত্রীর সামনে স্বচ্ছতা, সংস্কার এবং শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনার বড় চ্যালেঞ্জ রয়েছে।












