বরাককণ্ঠ প্রতিবেদন, কলকাতা: রাজ্যের সমস্ত সরকারি স্কুলে এবার থেকে প্রার্থনা সঙ্গীত হিসেবে বাধ্যতামূলক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’। স্কুল শুরুর সময় প্রতিদিন পড়ুয়াদের গাইতে হবে এই গান। আগামী সোমবার থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরেই শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
হোয়াটসঅ্যাপে নির্দেশ, প্রস্তুতি শুরু
রাজ্যের স্কুলগুলিতে বর্তমানে গরমের ছুটি চলছে। পরিস্থিতির কথা মাথায় রেখে ছুটি বাড়িয়ে করা হয়েছে ৩১ মে পর্যন্ত। এর মধ্যেই জেলার বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শিক্ষা দপ্তরের আধিকারিকরা এই মর্মে মেসেজ ফরোওয়ার্ড করেছেন। সেখানেই স্কুল শুরুর আগে ‘বন্দে মাতরম’ গান বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলার স্কুল পরিদর্শক (প্রাথমিক) লক্ষ্মণা গোলে বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বিষয়টি কার্যকর করার নির্দেশ দিয়েছেন।” তিনি জানান, এরপরেই ওই নির্দেশিকা বিভিন্ন স্কুল শিক্ষকদের গ্রুপে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই লিখিত অর্ডার হাতে আসবে। তারপর সমস্ত স্কুলে পাঠিয়ে দেওয়া হবে। জেলায় জেলায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।
‘বিকৃত ইতিহাস বদলের সময়’: শমীক
সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “বিকৃত ইতিহাসকে বদলের এটাই সঠিক সময়। কেন্দ্রের তরফে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার তা কার্যকর করতে দেয়নি। এখন সঠিক তথ্য তুলে ধরা হবে।” পশ্চিমবঙ্গ দিবস প্রসঙ্গেও বার্তা দেন শমীক। বলেন, “১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গের জন্ম। এটাই আসল। যারা এটা বিকৃত করতে চাইছিলেন, তাঁদেরই আজ মানুষ বাড়ি পাঠিয়ে দিয়েছে।” তাঁর কথায়, “আগে দল হিসাবে করা হয়েছে। এবার সরকার করবে।”
খুশি শিক্ষক সংগঠন
শিক্ষা দপ্তরের এই ঘোষণায় খুশি শিক্ষকদের সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (এবিআরএসএম)। সংগঠনের তরফে অসীম দাস বলেন, “সাম্প্রদায়িকতার নামে আমাদের এই রাষ্ট্রগীত এত দিন স্কুলে বন্ধ করে রাখা হয়েছিল। এই গীত আমাদের সংস্কৃতির ধারক এবং বাহক। আমরা হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছি। এই অবস্থায় স্কুলে স্কুলে এই গীত চালু করা অত্যন্ত ভালো উদ্যোগ। আমরা এই কাজের জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।”












