বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর: রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ হিসেবে প্রথমবার নিজের শহর শিলচরে পৌঁছালেন সুস্মিতা দেব। শনিবার সকালে তিনি শিলচর বিজেপি জেলা কার্যালয়ে যান। সেখানে দলীয় নেতা-কর্মীরা তাঁকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে “জয় শ্রীরাম” ধ্বনিতে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানান।
উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন সুস্মিতা দেব। এরপর পশ্চিমবঙ্গ থেকে বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি রাজ্যসভায় নির্বাচিত হন। সাংসদ নির্বাচিত হওয়ার পর এদিনই প্রথমবার নিজের জন্মশহরে এসে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
দলীয় কার্যালয়ে শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করেন নবনির্বাচিত সাংসদ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক রাজদীপ রায়, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নিহার রঞ্জন দাস সহ দলীয় কর্মীরা।












