বরাককণ্ঠ প্রতিবেদন,মায়াপুর: মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথমবার মায়াপুর সফরে গেলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে আকাশপথে মায়াপুরে পৌঁছন তিনি।
সন্ন্যাসীদের স্বাগত ও যজ্ঞে অংশগ্রহণ
মায়াপুরের ইসকন মন্দিরে পৌঁছলে মুখ্যমন্ত্রীকে মালা পরিয়ে স্বাগত জানান ইসকন মন্দিরের সন্ন্যাসীরা। ইসকনের মন্দিরে বিশেষ যজ্ঞানুষ্ঠানে অংশ নেন শুভেন্দু অধিকারী। যজ্ঞ শেষে বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শুধুমাত্র গোমাতার পুজো করার উদ্দেশ্যেই বৃহস্পতিবার তাঁর এই সফর।

গোশালায় গো-সেবা
এরপর ইসকনের গোশালায় বিশেষ পুজোয় বসেন মুখ্যমন্ত্রী। ইসকনের সন্ন্যাসীদের উপস্থিতিতে তিনি গো-সেবা করেন। জল দিয়ে গোমাতার পা ধুয়ে দেন তিনি। গোমাতাকে আম, মিষ্টি খাওয়ানোর পাশাপাশি মালাও পরিয়ে দেন শুভেন্দু।
চন্দ্রোদয় মন্দিরে রাধামাধব দর্শন
গোশালার অনুষ্ঠান শেষ করে চন্দ্রোদয় মন্দিরের উদ্দেশে রওনা দেন শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছে প্রথমে রাধাকৃষ্ণের মন্দিরে পুজো ও আরতি করেন। এরপর বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। মন্দিরেই ভক্তদের মাঝে মিশে গিয়ে তাঁদের জড়িয়ে ধরেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
প্রভুপাদের মন্দিরে পুজো
এরপর ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মন্দিরেও পুজো করেন তিনি। সেখানেও প্রভুপাদের বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করেন শুভেন্দু। মায়াপুরের সাধু-সন্তদের সঙ্গেও দেখা করে কথা বলেন মুখ্যমন্ত্রী।

নিরাপত্তা ও প্রসাদের আয়োজন
এই সফরকে ঘিরে গতকাল থেকে মায়াপুরে ছিল সাজো সাজো রব। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয় পুরো ইসকন চত্বর। মায়াপুর ইসকনের তরফে মুখ্যমন্ত্রীর জন্য কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে, ইসকনের তরফে একটি গোমাতার মূর্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উপহার হিসেবে প্রদান করা হবে।
“রাজনৈতিক উদ্দেশে আসিনি”
কর্মসূচির পর সাংবাদিকরা প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী জানান, এখানে কোনও রাজনৈতিক উদ্দেশে আসেননি। শুধুমাত্র পুজো দিতে এসেছিলেন, তাই তিনি কিছু বলবেন না।
ঈদের দিনে মায়াপুর সফর
উল্লেখ্য, আজ বকরি ঈদ। বিগত ১৫ বছর ধরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঈদের দিনে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতেন। এমনকী তাঁকে নমাজ পড়তেও দেখা যেত। এবার মায়াপুর ইসকনে এসে গোমাতা পুজো দিতে সেই ঈদের দিনকেই বেছে নিলেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মতে, মুখে কিছু না-বললেও ঈদের দিনে গোমাতা পুজো দিয়ে তিনি পরিবর্তনের ধারা বজায় রাখলেন।

প্রশাসনিক সফর
মুখ্যমন্ত্রী হওয়ার পর গত মঙ্গলবার প্রথম প্রশাসনিক বৈঠক করেছেন নদিয়ার কল্যাণীতে। তাঁর ঠিক একদিন বাদেই ফের নদিয়ার মায়াপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী। মায়াপুর সফর শেষে তিনি হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের দিকে রওনা দেন।
মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠ, কালীঘাট-সহ একাধিক মন্দির দর্শনে গিয়েছেন শুভেন্দু। এবার প্রশাসনিক প্রধান হয়ে প্রথমবার মায়াপুর সফরে তিনি।












