নিজস্ব প্রতিবেদন, কলকাতা : পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছে ৭ দফা দাবি ও আবেদন জানিয়েছে সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চ। মঙ্গলবার মঞ্চের সম্পাদক নীতীশ বিশ্বাস ও সভাপতি ক্যাপ্টেন ডা দিলীপকুমার সিনহা (পাটনা)- র স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবিগুলি তুলে ধরা হয়।
প্রথম দাবি: বাংলা মাধ্যমের সব স্কুলের সার্বিক উন্নয়ন চেয়ে মঞ্চ জানায়, দিল্লি ও কেরলের প্রাইভেট স্কুলের ছাত্ররা ভালো পরিবেশ ও উন্নত শিক্ষার জন্য সরকারী স্কুলে ভিড় জমাচ্ছে, অথচ সরকারী অবহেলায় এ রাজ্যের ৮৫০০ সরকারী বাংলা স্কুল বন্ধ হয়ে গেছে। অবিলম্বে স্কুলগুলি উন্নত রূপে খুলতে হবে। সঙ্গে তারা শিক্ষার বাজেট বাড়ানোর দাবি জানিয়ে মঞ্চের স্লোগান, ‘সার্বিক উন্নয়ন করে রাজ্যের বাংলা স্কুল বাঁচাও, বাঙালি বাঁচাও’।
দ্বিতীয় দাবি: রাজ্যের সমস্ত সরকারি-আধা সরকারি শূন্যপদে নিয়োগ এবং রাজ্যের সব চাকুরিতে ও এই রাজ্যের সীমানার মধ্যে কেন্দ্রীয় সরকার, ব্যাঙ্ক সহ বেসরকারি চাকুরির সব প্রার্থীর জন্য মুখ্যভাষা বাংলা-শিক্ষার সার্টিফিকেট বাধ্যতামূলক করা। পাশাপাশি বাংলা (এবং পাহাড়ে নেপালি) ভাষা লিখতে-পড়তে ও বলতে সক্ষম হওয়ার শর্ত রাখার দাবি জানানো হয়েছে।
তৃতীয় দাবি: কেরল, আসাম, তামিলনাড়ু থেকে হিন্দি বলয়ের সর্বত্র সেই রাজ্যের প্রধান ভাষা অবশ্য পাঠ্য উল্লেখ করে মঞ্চ জানায়, এ রাজ্যে ২০২৩ সালে সে আইন পাশ হলেও প্রয়োগ হয়নি। তাই অবিলম্বে ইংরেজি-হিন্দি-উর্দুসহ অন্যসব মাধ্যমের স্কুলে বাংলা আবশ্যিকভাবে পড়ানোর দাবি করা হয়।
চতুর্থ দাবি: সামরিক বাহিনীতে বেঙ্গল রেজিমেন্ট আবার খোলা হোক এবং সামরিক চাকুরির ভর্তি-ক্ষেত্রে বাঙালির জন্য দক্ষিণ ভারতীয়দের মতো দৈহিক মাপ রাখার দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, দীর্ঘদেহী হরিয়াণা ও পাঞ্জাবিদের মতো মাপ রাখলে উপযুক্ত বাঙালি প্রার্থীরা কাজ পাবেন না।
পঞ্চম দাবি: কেন্দ্রের স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন গ্রাজুয়েট লেবেল পরীক্ষা এবং IAS-প্রিলি পরীক্ষা বাংলায় নেওয়ার দাবি জানানো হয়েছে।
ষষ্ঠ দাবি: নানা রাজ্যে ‘বাংলাভাষী মানে বাংলাদেশী’ বলা বন্ধ করতে কেন্দ্র ও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মানণীয় মুখ্যমন্ত্রী অনুগ্রহকরে কথা বলুন, যাতে অবিলম্বে অন্য রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নির্যাতন বন্ধ হয়। এছাড়া তারা বলেছেন দীর্ঘকাল বসতি প্রাপ্ত বাঙালি উদ্বাস্তুদের নানা আইনী মারপ্যাঁচে উচ্ছেদকরা হচ্ছে ,তা এক্ষুনি বন্ধ করতে সরকারীস্তরে উদ্যোগ নেওয়ার আবেদন করা হয়েছে।
সপ্তম দাবি: মঞ্চ জানায়, আমরা রাজ্য থেকে অবাঙালিদের তাড়ানোর বিরোধী। তবে চাই সব রাজ্যে এই আচরণ যেনো সব বাঙালিরা পান। ভাষা গণতন্ত্রের স্বার্থে সারা দেশে স্কুল স্তরে বাংলা ভাষা পড়ানোর সাংবিধানিক অধিকার যেনো পুনরায় বাঙালিরা ফিরে পান। এবং বাংলা স্কুল গুলি সরকারী উদ্যোগে ও সহায়তায় আবার চালু হয়।












