নিজস্ব সংবাদদাতা: দূষিত পানীয় জলের কারণে জর্জরিত মালুগ্রামের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রবিবার বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল জয় রাধে সেবা সমিতি ও দুর্গাবাড়ি ট্রাস্ট।
মালুগ্রাম ৯ নং ওয়ার্ডের দুর্গাবাড়ি ট্রাস্ট, অর্জ্যপট্টি প্রাঙ্গণে সকাল ১০:৩০টা থেকে শুরু হয় এই শিবির। দিনভর চলে চিকিৎসা পরিষেবা। শিশু থেকে প্রবীণ—সব বয়সের প্রায় ১০০ জনের বেশি মানুষ শিবিরে এসে ডাক্তারি পরামর্শ নেন। প্রত্যেককে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে নিম্নমানের পানীয় জলের সমস্যা। তার জেরে পেটের অসুখ, চর্মরোগ-সহ নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। মানুষের সেই দুর্ভোগের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। শিবিরে উপস্থিত চিকিৎসকরা প্রত্যেক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন।
শিবিরে উপস্থিত ছিলেন উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজদীপ গোয়ালা। শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তীও শিবিরে আসেন। তিনি নিজে স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি আয়োজকদের এই মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন।
জয় রাধে সেবা সমিতির সভাপতি জয়দীপ চক্রবর্তী, সহ-সভাপতি অর্চিতেন্দু দাস কিষাণ, মৌসুমী অধিকারী, পরিমল পুরকায়স্থ, গৌতম রায়, আমির কুমার দাস, অর্জুন পাল, সুবীর ধরসহ সংগঠনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা শিবিরের দায়িত্বে ছিলেন। টোকেন বিতরণ থেকে শুরু করে রোগীদের সিরিয়াল—সবকিছুই সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন তাঁরা।

সংগঠনের সহ-সভাপতি অর্চিতেন্দু দাস কিষাণ বলেন, করোনাকাল ও বন্যার সময়েও জয় রাধে সেবা সমিতি শিলচরের বিভিন্ন প্রান্ত ও অনাথ আশ্রমে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় একাধিক শিবির করেছে। মানুষের পাশে থাকার ব্রত নিয়েই ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কাজ চলবে।
শিবিরের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও বিপুল মানুষের উপস্থিতিতে খুশি স্থানীয়রা। তাঁদের কথায়, দূষিত জলের সমস্যার মাঝে এমন উদ্যোগ এলাকার জন্য অত্যন্ত সময়োপযোগী ও উপকারী।












