নিজস্ব সংবাদদাতা: মাসের শেষ শনিবারের রীতি মেনে ৩০ মে আম্বিকাপট্টির নিজস্ব কার্যালয়ে মনীষী স্মরণ অনুষ্ঠানের আয়োজন করল বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি, কাছাড় জেলা কমিটি। মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এবার শ্রদ্ধা জানানো হল মে মাসের বিভিন্ন দিনে প্রয়াত ও জন্ম নেওয়া দেশবরেণ্য ব্যক্তিত্বদের— ১ মে অমর শহীদ প্রফুল্ল চাকীর আত্মত্যাগ দিবস, ৫ মে শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিন, ৮ মে ২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, ১ মে বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাস, অবোধ বিহারী, মাস্টার আমিরচাঁদ ও বাল মুকুন্দের আত্মবলিদান দিবস, ১৩ মে কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবস, ১৯ মে ভাষা শহীদ দিবস, ২০ মে দেশনেতা বিপিনচন্দ্র পালের প্রয়াণ দিবস, ২২ মে নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের জন্মদিন, ২৪ মে বঙ্গসূর্য আশুতোষ মুখোপাধ্যায়ের তিরোধান দিবস এবং একই দিনে বিপ্লবী রাসবিহারী বসুর জন্মবার্ষিকী।
পরাধীন ভারতে স্বাধীনতা আন্দোলন ও সমাজ সংস্কারে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করেন সমিতির উপদেষ্টা অঞ্জু এন্দো, সভাপতি সুনীল রায়, উপ-সভাপতি ড. শিশির কুমার বিশ্বাস, অ্যাডভোকেট সুব্রত ভট্টাচার্য ও ড. কস্তুরী হোম চৌধুরী।
অনুষ্ঠানে শিলচর কনকপুরের সমাজকর্মী মনীলাল দাসকে সমাজসেবার জন্য সম্বর্ধনা জানায় সমিতি।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বাংলা বিষয়ে লেটার নম্বর-সহ প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্মাননা। অলকা রায় ভট্টাচার্যের স্মৃতিতে কাছাড় জেলা কমিটি ১৬ জন মেধাবীকে স্মারক দিয়ে বরণ করে নেয়। সংবর্ধিতরা হলেন— প্রার্থনা দে, বৈশালী দাস, বিরাজ দাস, শিবজ্যোতি দাস, রিয়া দাস, সাক্ষী রায়, দেবাদৃতা ভট্টাচার্য, অর্ণব পাল, অনামিকা দাস, অঙ্গীতা দাস, অভিজিৎ দাস, রাজীব দাস, বৃষ্টি দাস, অংকিতা দাস, প্রতীক দেব ও বৃত্তান্তিক সেনশর্মা।
সাংস্কৃতিক পর্বে সমিতির শিল্পীরা রবীন্দ্র সংগীত ও নজরুল গীতি পরিবেশন করেন। একক সংগীতে অংশ নেন সুমিত্রা চৌধুরী, বনানী চৌধুরী, মহাশ্বেতা পাল, মীরা পাল, মৌসুমী দেব পুরকায়স্থ ও শ্রাবণী সরকার। সমবেত সংগীত পরিবেশন করেন সুমিতা ভট্টাচার্য, সুতপা দে, মনি দে, মধুমিতা দে, রুনা চক্রবর্তী, শিপ্রা দাস, মঞ্জুশ্রী চক্রবর্তী, কৃষ্ণা দাস, পার্বতী রায়চৌধুরী, মীরা পাল, মহাশ্বেতা পাল ও বনানী চৌধুরী। তবলায় সঙ্গত করেন অ্যাডভোকেট সুব্রত ভট্টাচার্য।
অনুষ্ঠান পরিচালনা করেন বনানী চৌধুরী, সুমিত্রা চৌধুরী ও সুতপা দে। সহযোগিতায় ছিলেন দেবলীনা রায় ও সুখেন দাস। সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা সম্পাদক সানি ভট্টাচার্য ও পূজা সূত্রধর মাহী।
সমিতির প্রচার ও সমন্বয় সম্পাদক সুতপা দে প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন।












