বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: অসমের সাংস্কৃতিক জগতে নেমে এল শোকের ছায়া। মাজুলির কমলাবাড়ির কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রাক্তন সাংবাদিক নিমানন্দ দাস (৫৫)।
জানা গেছে, রবিবার ভোর আনুমানিক আড়াইটার সময় এই দুর্ঘটনা ঘটে। নিজের গাড়ি চালিয়ে ফিরছিলেন তিনি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ক্রু সদস্যদের নিকটবর্তী রেলওয়ে স্টেশনে নামিয়ে দিয়ে ক্যাম্পে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, মৃত্যুর সময় তিনি অরণ্য মানব যাদব পায়েং-এর জীবনী নিয়ে নির্মীয়মাণ বায়োপিক ‘রুময়াং’-এর পরিচালনার কাজে ব্যস্ত ছিলেন। ছবিটির শুটিং সম্প্রতি মাজুলিতেই শেষ হয়েছিল। তাঁর অকাল প্রয়াণে অসমের চলচ্চিত্র ও সংবাদমাধ্যম জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।












