নয়াদিল্লি, ২৮ আগস্ট: জেন জি আন্দোলন, প্রশ্নফাঁস বিতর্কে সিজেপি-র প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা — এই আবহে এখন ভোট হলে কী হবে? বিজেপির নেতৃত্বাধীন এনডিএ কি সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে? নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাই বা কতটা অটুট? এই সব প্রশ্নের উত্তর দিল ইন্ডিয়া টুডে-সি ভোটারের ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা।
সি-ভোটার সংস্থা এই সমীক্ষা চালিয়েছে ১ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত। মোট ২৫,১৮৪ জনের সঙ্গে সরাসরি কথা বলে এই রিপোর্ট তৈরি করা হয়েছে।
সমীক্ষা বলছে, যদি ২০২৬ সালের আগস্ট মাসে লোকসভা ভোট হয়, তাহলে এনডিএ পেতে পারে ৩২৬টি আসন। জানুয়ারি মাসে একই সমীক্ষায় এনডিএ-র প্রাপ্ত আসন দেখানো হয়েছিল ৩৫২টি। অর্থাৎ সাত মাসে ২৬টি আসন কমছে এনডিএ-র। দিল্লিতে জেন জি বিক্ষোভের পর এই পতন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
বিরোধী শিবিরে অবশ্য সামান্য বৃদ্ধি। জানুয়ারিতে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের সম্ভাব্য আসন ছিল ১৮২টি, আগস্টে তা বেড়ে হয়েছে ১৮৫টি।
একক দল হিসেবে বিজেপির ছবিটাও একই রকম। আগস্টে ভোট হলে বিজেপি পেতে পারে ২৬১টি আসন, যেখানে জানুয়ারিতে তা ছিল ২৮৭টি। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২টি আসন। অর্থাৎ এককভাবে সরকার গঠনের থেকে দূরেই থাকছে বিজেপি। ২০২৪ সালে বিজেপি পেয়েছিল ২৪০টি আসন।
অন্যদিকে কংগ্রেসের জন্য সুখবর। জানুয়ারিতে তাদের সম্ভাব্য আসন ছিল ৮০টি, আগস্টের সমীক্ষায় তা বেড়ে দাঁড়িয়েছে ১০৬টি।
প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের তালিকায় এখনও শীর্ষে নরেন্দ্র মোদী। ৪৮.৭ শতাংশ মানুষ তাঁকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। দ্বিতীয় স্থানে রাহুল গান্ধী, ২৭.১ শতাংশ মানুষের পছন্দ তিনি।
তবে চমক দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। টিভিকে পার্টির এই নেতাকে ৯.২ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে অনেক বেশি। তৃণমূল সুপ্রিমো মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান মাত্র ২ শতাংশ মানুষ।












