,

ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে প্রকাশিত হল অধ্যাপক ড.সঙ্গীতা শর্মার ‘Indian Polity’

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : ভারতীয় গণতন্ত্রের কাঠামো, সাংবিধানিক ব্যবস্থা এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির কার্যপ্রণালীকে সহজ ও বিশ্লেষণধর্মীভাবে পাঠকের সামনে তুলে ধরার উদ্দেশ্যে অধ্যাপক ড. সঙ্গীতা শর্মা রচিত ‘Indian Polity: How Our Democracy Really Works’ গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠিত হল। ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে মঙ্গলবার গুয়াহাটি প্রেস ক্লাবে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ…

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : ভারতীয় গণতন্ত্রের কাঠামো, সাংবিধানিক ব্যবস্থা এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির কার্যপ্রণালীকে সহজ ও বিশ্লেষণধর্মীভাবে পাঠকের সামনে তুলে ধরার উদ্দেশ্যে অধ্যাপক ড. সঙ্গীতা শর্মা রচিত ‘Indian Polity: How Our Democracy Really Works’ গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠিত হল। ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে মঙ্গলবার গুয়াহাটি প্রেস ক্লাবে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।

বিকেল ৩টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমে অতিথিদের স্বাগত জানানো হয়। সদ্য প্রয়াত প্রখ্যাত কবি আনিজ-উল-জামানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রদীপ প্রজ্জ্বালন এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে প্রয়াত অতুল শর্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অতুল শর্মা ছিলেন অধ্যাপক ড. সঙ্গীতা শর্মা ও সুপ্রিম কোর্টের আইনজীবী সীমা শর্মার পিতা।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী তথা ভারতরত্ন ড.ভূপেন হাজরিকার ভ্রাতৃবধূ মনীষা হাজরিকা, রয়‍্যাল গ্লোবাল ইউনিভার্সিটির সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক কাদিগুয়াং পানমেই, কটন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. জিলি সরকার, হ্যান্ডিক গার্লস’ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. বিশ্বজিৎ চৌধুরী, প্রাক্তন আইএএস আধিকারিক ও সমাজকর্মী স্বপনীল বরুয়া, জে. বি. ল’ কলেজের সহকারী অধ্যাপক কৃষ্ণা শর্মা, সুপ্রিম কোর্টের আইনজীবী সীমা শর্মা, গৌহাটি হাইকোর্টের আইনজীবী সোহেলি শীল সরকার, অসম সরকারের প্রাক্তন কমিশনার রজভি হুসেইন, প্রাগজ্যোতিষ কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান প্রিয়াঙ্কা শর্মা এবং হ্যাশেট ইন্ডিয়ার ম্যনেজিং এডিটর অনির্বাণ সরকার, ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ড. সৌমেন ভারতীয়া প্রমুখ।

অনুষ্ঠানের পর্বে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ‘Indian Polity: How Our Democracy Really Works’ গ্রন্থটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। গ্রন্থ উন্মোচনের পর অধ্যাপক ড. সঙ্গীতা শর্মা বলেন, “ভারতীয় গণতন্ত্র একটি বিস্তৃত ও বহুমাত্রিক ব্যবস্থা। সংবিধান, সংসদ, বিচারব্যবস্থা, নির্বাচন এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়েই এই ব্যবস্থা কার্যকর হয়। এই বইটি লেখার মূল উদ্দেশ্য হল ভারতীয় রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্র কীভাবে বাস্তবে কাজ করে, সেই বিষয়গুলি সহজ ভাষায় পাঠকের সামনে তুলে ধরা। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে আগ্রহ তৈরি করাই এই বইয়ের অন্যতম উদ্দেশ্য। গণতন্ত্র কেবল একটি রাজনৈতিক ব্যবস্থা নয়; এটি নাগরিকের অধিকার, দায়িত্ব এবং অংশগ্রহণের সঙ্গেও গভীরভাবে যুক্ত। তাই গণতন্ত্রকে বোঝার জন্য আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির পাশাপাশি নাগরিক হিসেবে আমাদের ভূমিকা সম্পর্কেও সচেতন হওয়া প্রয়োজন।”

ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ড. সৌমেন ভারতীয়া বলেন, “ড. সঙ্গীতা শর্মা অসমেরই একজন প্রতিভাবান লেখক। তাঁর মতো একজন তরুণ লেখক যখন ‘Indian Polity’-এর মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বই লেখেন, তখন তা আমাদের সকলের জন্যই আনন্দ ও গর্বের বিষয়। ভারতীয় গণতন্ত্র, সংবিধান এবং আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে সহজভাবে পাঠকের সামনে তুলে ধরার যে প্রয়াস তিনি করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা আশা করি, অনেক মানুষ তাঁর এই বইটি পড়বেন এবং বইটি তাঁদের ভালো লাগবে। একইসঙ্গে বইটি পড়ার মাধ্যমে ভারতীয় গণতন্ত্র কীভাবে কাজ করে, সংবিধানের ভূমিকা কী এবং একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কী-সেই বিষয়গুলি সম্পর্কে পাঠকদের আরও জানার সুযোগ তৈরি হবে। অসমের একজন লেখক হিসেবে তিনি যে উদ্যোগ নিয়েছেন, তা নিঃসন্দেহে আমাদের গর্বিত করে। আমরা আশা করি, ‘Indian Polity’ আরও অনেক পাঠকের কাছে পৌঁছাবে এবং আগামী দিনে তাঁকে আরও ভালো ভালো বই লিখতে আমরা দেখতে পাব। তাঁর এই সাহিত্যিক ও জ্ঞানচর্চার যাত্রার জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল।”

বিশিষ্ট সংগীতশিল্পী মনীষা হাজরিকা বলেন, “অধ্যাপক ড. সঙ্গীতা শর্মার ‘Indian Polity’ বইটি প্রকাশিত হতে দেখে আমি অত্যন্ত আনন্দিত। ভারতীয় গণতন্ত্র ও আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে বোঝার জন্য এই ধরনের বইয়ের প্রয়োজন রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম যদি সহজভাবে আমাদের সংবিধান, গণতন্ত্র ও দেশের রাজনৈতিক কাঠামো সম্পর্কে জানতে পারে, তাহলে তা অত্যন্ত ইতিবাচক বিষয়। সঙ্গীতা খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। আমি আশা করি, বইটি পাঠকদের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য হবে এবং অনেকেই বইটি পড়বেন।”

ড. স্বপ্ননীল বরুয়া বলেন, “গণতন্ত্রকে বুঝতে হলে শুধু রাজনৈতিক ঘটনাপ্রবাহ জানা যথেষ্ট নয়, আমাদের সংবিধান, প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক ব্যবস্থার অন্তর্নিহিত কাঠামো সম্পর্কেও ধারণা থাকা প্রয়োজন। ‘Indian Polity: How Our Democracy Really Works’ বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, এই জটিল বিষয়গুলিকে পাঠকের কাছে সহজভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অধ্যাপক ড° সঙ্গীতা শর্মার এই প্রয়াস বিশেষভাবে প্রশংসনীয়। আমি আশা করি, শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং সাধারণ পাঠক-সকলের কাছেই বইটি উপযোগী ও আগ্রহের হয়ে উঠবে।”

অনুষ্ঠানের শেষে সংগীত ও নৃত্য পরিবেশন করে মায়াবিনী গ্রুপ, ছন্দ নূপুর গ্রুপ। ব্যতিক্রম গ্রুপের এই উদ্যোগে প্রকাশিত ‘Indian Polity’ গ্রন্থটি ভারতীয় গণতন্ত্র ও রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে পাঠকসমাজের মধ্যে আরও আলোচনা ও অনুধ্যানের সুযোগ তৈরি করবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *