বরাককণ্ঠ প্রতিবেদন: ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তোর সঙ্গে জাকার্তার ইস্তানা মেরদেকায় ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় উঠে আসে যে গত কয়েক বছরে ভারত-ইন্দোনেশিয়া সম্পর্ক নতুন গতি ও গভীরতা পেয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দুই প্রধান সামুদ্রিক দেশ হিসেবে প্রতিরক্ষা, নিরাপত্তা এবং সামুদ্রিক সহযোগিতা জোরদারের বিষয়টিও বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। উভয় নেতা সমুদ্র পথের নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং নীল অর্থনীতিতে একসঙ্গে কাজ করার বিষয়ে মত দেন। ভবিষ্যতের অংশীদারিত্বকে আরও দৃঢ় করতে মহাকাশ গবেষণা, টেলিযোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল সরকারি পরিকাঠামো এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে একমত হয়েছেন তারা। এই সহযোগিতার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে এবং অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করা হয়।













