প্রতিটি রাজ্যে এফআরআরও অফিস গড়ার নির্দেশ, ২০২৭-এর মধ্যে কাজ শেষের লক্ষ্য
বরাককণ্ঠ প্রতিবেদন, নয়াদিল্লি: বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে ফের একবার কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট জানিয়েছেন খুঁজে খুঁজে সকল অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে। আজ নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে ‘বর্ডার ডিস্ট্রিক্ট এসপিস কনফারেন্স-২০২৬’-এ ভাষণ দেবেন তিনি। পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপার এবং স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা এই উচ্চ-পর্যায়ের বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ এবং কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের কারণে জনবিন্যাসের পরিবর্তন এবং সীমান্তে বেড়া দেওয়ার কাজের অগ্রগতির রিপোর্টও নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে বুধবার বিমানবন্দরে যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডুর সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। সেই বৈঠকে ২০২৭ সালের মধ্যে প্রতিটি রাজ্যের রাজধানীতে বিদেশী আঞ্চলিক নিবন্ধন অফিস এফআরআরও স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে বিদেশী নাগরিকদের ভিসা, নিবন্ধন ও অভিবাসন প্রক্রিয়া দ্রুত হবে। পাশাপাশি এফআরআরওর মাধ্যমে দেশজুড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ডিপোর্টেশনের কাজও আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করছে মন্ত্রক। বৈঠকে স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক, সিআইএসএফ-এর মহাপরিচালক এবং এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান-সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রকের মতে এই সম্মেলনের মূল লক্ষ্য হল সংবেদনশীল সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে নিরাপত্তা পরিকাঠামো আরও শক্তিশালী করা। সীমান্ত জেলাগুলির জনসংখ্যা পরিবর্তন এবং তার প্রভাব নিয়েও বিস্তারিত পর্যালোচনা হবে বলে জানা গেছে।












