,

এক বছরের কাজের রিপোর্ট কার্ড পেশ রাজ্যসভা সাংসদ কণাদ পুরকায়স্থের

বরাকের উন্নয়ন, রেল ও শিল্প নিয়ে দিল্লিতে সরব সাংসদ বরাককণ্ঠ প্রতিবেদন, শিলচর: বিগত এক বছরের কাজের বিস্তারিত খতিয়ান ও রিপোর্ট কার্ড তুলে ধরলেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। বৃহস্পতিবার শিলচরের কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ২০২৫ সালের ১২ জুন রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব গ্রহণের পর এক বছর পূর্ণ হয়েছে। এই এক…

বরাকের উন্নয়ন, রেল ও শিল্প নিয়ে দিল্লিতে সরব সাংসদ

বরাককণ্ঠ প্রতিবেদন, শিলচর: বিগত এক বছরের কাজের বিস্তারিত খতিয়ান ও রিপোর্ট কার্ড তুলে ধরলেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। বৃহস্পতিবার শিলচরের কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ২০২৫ সালের ১২ জুন রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব গ্রহণের পর এক বছর পূর্ণ হয়েছে। এই এক বছরে আসাম বিশেষ করে বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন ও সাংগঠনিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। সংসদীয় তথ্য অনুযায়ী রাজ্যসভায় তাঁর উপস্থিতি ও অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এক বছরে তিনি প্রায় ৬৩টি বিভিন্ন বিতর্কে অংশ নেন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিলের আলোচনায় নিজের মতামত পেশ করেন।

বরাক উপত্যকার দীর্ঘদিনের সমস্যা ও দাবিগুলি দিল্লির দরবারে সজোরে তুলে ধরার কথা জানিয়ে সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার পরামর্শ মেনে কাজ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করে বরাকের সমস্যাগুলি তুলে ধরেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে লঙ্কা-ময়নারবন্দ নতুন রেললাইন দ্রুত বাস্তবায়ন, দুধপাতিলে নতুন রেলস্টেশন স্থাপন, আইসিএফ কোচকে এলএইচবি কোচে রূপান্তর, নতুন ট্রেন চালু, বরাক উপত্যকা ও অসমের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ট্রেনের স্টপেজ বৃদ্ধি এবং রেল পরিষেবার উন্নয়নের দাবি জানিয়েছেন। শিলচরে এমস মানের রিমস স্থাপন, শ্রীভূমিতে বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপন এবং কুম্ভীরগ্রাম বিমানবন্দরে রাতের বিমান পরিষেবা চালুর অনুরোধও করেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সময় বিকল্প রেললাইন ও শিল্প স্থাপনের জন্যও আবেদন জানান।

এছাড়া শিলচর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহিদ স্টেশন শিলচর নামকরণ, হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন, শিলচরের দুধপাতিলে রেল ডিভিশন স্থাপন, ভুবন তীর্থ, শনবিল, খাসপুর রাজবাড়ি, চাতলা-সহ পর্যটন কেন্দ্রগুলির উন্নয়ন, বি এস এন এল-এর ২৮৭টি মোবাইল টাওয়ার স্থাপন করে মোবাইল নেটওয়ার্ক সচল করা এবং শিলচর দূরদর্শন কেন্দ্র পুনরায় চালু করার বিষয়েও তিনি তৎপর ছিলেন বলে জানান।

সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে কণাদ পুরকায়স্থ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন এবং রাজ্যসভার সাংসদ হিসেবে সফল হয়েছেন। এদিন সাংবাদিক সম্মেলনে জেলা সাধারণ সম্পাদক অমিতাভ রায় ও গোপাল রায়ও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *