নিজস্ব প্রতিনিধি: বরাক উপত্যকায় গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতির উদ্দেশে আবেদনপত্র পাঠিয়েছে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি,শিলচর কমিটি। ৫ জুন তারিখের আবেদনে সংগঠনটি কয়েকটি ন্যায্য কারণ তুলে ধরেছে।
সমিতির দাবি, বরাক উপত্যকার তিনটি জেলা ও পার্শ্ববর্তী ডিমা হাসাও জেলার জনসংখ্যা উত্তর-পূর্বের অনেক রাজ্যের জনসংখ্যার তুলনায় বেশি। যে রাজ্যগুলিতে স্থায়ী উচ্চ ন্যায়ালয় বা গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের স্থায়ী বেঞ্চ রয়েছে, সেখানকার নাগরিকরা বিচার বিভাগের সুবিধা কাছ থেকে পাচ্ছেন। অথচ বরাক উপত্যকার মানুষকে একমাত্র গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের প্রধান বেঞ্চের ওপর নির্ভর করতে হচ্ছে।
আবেদনে বরাক উপত্যকা থেকে গৌহাটির দূরত্ব, যাতায়াতের অসুবিধা ও খরচের কথাও উল্লেখ করা হয়। প্রাকৃতিকভাবে দুর্গম অঞ্চল পেরিয়ে বরাক থেকে গৌহাটি পৌঁছাতে হয়। ফলে মামলাকারী ও আইনজীবীদের শত শত কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। সড়ক ও রেল যোগাযোগ ভূমিধ্বস ও দুর্ঘটনার কারণে প্রায়ই ব্যাহত হয়। বিশেষত বর্ষাকালে যাতায়াত বিঘ্নিত হওয়া স্বাভাবিক। যাতায়াতের অনিশ্চয়তার কারণে অনেক সময় মামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও আইনজীবীদের বিমান পরিষেবা নিতে হয়। এতে সাধারণ মানুষ, যাদের বেশিরভাগই আর্থিকভাবে দুর্বল, সুবিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বলে সমিতির মত।
সংবিধানের ৩৯ অনুচ্ছেদের কথা উল্লেখ করে আবেদনে বলা হয়, সবাইকে আইনি বিচার পাওয়ার অধিকার সংবিধান স্বীকৃত। রাষ্ট্রকে এমন ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া আছে যাতে সবাই সমানভাবে আইনি সুযোগ পান এবং কেউ যেন বিচার পাওয়া থেকে বঞ্চিত না হন। বরাক উপত্যকায় স্থায়ী বা সার্কিট বেঞ্চ স্থাপনের মাধ্যমে বরাকের মানুষের সেই সাংবিধানিক অধিকার সুরক্ষিত হতে পারে।
আবেদনে ভারতের অন্যান্য উচ্চ ন্যায়ালয়ের স্থায়ী বেঞ্চের উদাহরণও দেওয়া হয়। গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের স্থায়ী বেঞ্চ মিজোরামের আইজল, নাগাল্যান্ডের কোহিমা ও অরুণাচল প্রদেশের ইটানগরে রয়েছে। কলকাতা উচ্চ ন্যায়ালয়ের বেঞ্চ আন্দামানের পোর্ট ব্লেয়ার ও জলপাইগুড়িতে, এলাহাবাদ উচ্চ ন্যায়ালয়ের বেঞ্চ লক্ষ্ণৌতে, বোম্বে উচ্চ ন্যায়ালয়ের বেঞ্চ নাগপুর, ঔরঙ্গাবাদ ও গোয়ার পানাজিতে, কর্ণাটক উচ্চ ন্যায়ালয়ের বেঞ্চ ধারওয়াদ ও কলবুর্গিতে রয়েছে। এই বেঞ্চগুলি সুবিচারপ্রার্থীদের কাছে বিচার পাওয়ার সুযোগ অনেক সহজ করেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
সমিতির মতে, বরাক উপত্যকার ভৌগোলিক অবস্থান, আর্থ-সামাজিক ও ভাষা-সাংস্কৃতিক দিক থেকেও নিজস্ব পরিচিতি রয়েছে।
বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি, কাছাড় জেলা কমিটির পক্ষে জেলা সভাপতি সুনীল রায় স্বাক্ষরিত আবেদনে আশা প্রকাশ করা হয়, প্রধান বিচারপতির হস্তক্ষেপে বরাক উপত্যকায় স্থায়ী বা সার্কিট বেঞ্চ স্থাপন হলে উপত্যকার লক্ষ সাধারণ মানুষের কাছে সুবিচার পাওয়া নিশ্চিত হবে।












