বরাককণ্ঠ প্রতিবেদন, শিলচর: বরাক উপত্যকার সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে দুই পরিচিত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা স্মাইল এবং বরাক ভয়েস। সমাজের বিভিন্ন ক্ষেত্রে যাঁরা নীরবে, নিষ্ঠার সঙ্গে অবদান রেখে চলেছেন, তাঁদের কাজকে স্বীকৃতি দেওয়া এবং প্রকাশ্যে সম্মান জানানোর উদ্দেশ্যে এবছর থেকে চালু করা হচ্ছে ‘বরাকরত্ন অ্যাওয়ার্ড’। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর প্রথমবারের মতো এই পুরস্কার বিতরণ করা হবে তাদের আয়োজিত তিন দিনের বিশেষ গানের কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে। পুরস্কার প্রাপকের নাম চূড়ান্ত করার জন্য ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে আয়োজকদের পক্ষে আশিস চক্রবর্তী এবং সৌমিত্র শংকর দত্ত জানান, আগামী ২৭ সেপ্টেম্বর শিলচরের বঙ্গভবনে এক বর্ণাঢ্য বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম বরাকরত্ন পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে নির্বাচিত ব্যক্তিকে দেওয়া হবে নগদ ২৫ হাজার টাকা, একটি সম্মাননা স্মারক সহ অন্যান্য উপহার সামগ্রী। তাঁদের আশা, এই পুরস্কার আগামী দিনে বরাকের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মানুষদের আরও উৎসাহিত করবে।
Advertisement

পুরস্কার বিতরণকে কেন্দ্র করেই আয়োজন করা হয়েছে তিন দিনের বিশেষ সঙ্গীত কর্মশালার। স্মাইল ও বরাক ভয়েসের যৌথ উদ্যোগে আগামী ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর শিলচর সংগীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতির এই নিবিড় কর্মশালা। প্রতিদিন দুটি পর্যায়ে এই কর্মশালা চলবে, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আয়োজকদের মতে, বর্তমান সময়ে নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রসংগীত ও নজরুলগীতির চর্চা কিছুটা কমে আসছে। সেই ঘাটতি পূরণ করতে এবং এ অঞ্চলের ছাত্র-ছাত্রীদের সঠিক প্রশিক্ষণের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এবারের কর্মশালাকে আরও সমৃদ্ধ করতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন দুই বিশিষ্ট শিল্পী। রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষণ দেবেন কলকাতার বিশিষ্ট সংগীতশিল্পী এবং শিক্ষক ড. অলোক রায়চৌধুরী, যিনি রবীন্দ্রসঙ্গীতের জগতে এক পরিচিত নাম। অন্যদিকে নজরুলগীতির প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন শিলচরের মেয়ে তথা বর্তমানে কলকাতার বিশিষ্ট নজরুলগীতি শিল্পী তানিয়া পাল। তাঁদের সান্নিধ্যে প্রশিক্ষণার্থীরা গানের খুঁটিনাটি বিষয়ে সমৃদ্ধ হবেন বলে আশা করা হচ্ছে।
কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বঙ্গভবনে। সমাপনী অনুষ্ঠানে শুধু কর্মশালায় অংশগ্রহণকারীদের সমবেত পরিবেশনাই নয়, থাকবে প্রশিক্ষক ড. অলক রায়চৌধুরী এবং তানিয়া পালের একক সঙ্গীত পরিবেশনা। এবং সেই মঞ্চ থেকেই আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে এবছরের বরাকরত্ন অ্যাওয়ার্ড।
অন্যদিকে, আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে সংস্থা দুটি। ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ৮ সেপ্টেম্বর। শিলচরের ডনবস্কো স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘শতকণ্ঠে ভূপেন হাজারিকা’ শীর্ষক এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শিলচরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এবং সংগঠন তাদের নিজস্ব ব্যানার নিয়ে অংশগ্রহণ করবে। সেখানে শতকণ্ঠে পরিবেশিত হবে ভূপেন হাজারিকার দুটি কালজয়ী গান, ‘মানুষ মানুষের জন্য’ এবং ‘আজ জীবন খুঁজে পাবি’। এই অনুষ্ঠানকে সফল করার জন্য ইতিমধ্যেই জোরকদমে রিহার্সাল শুরু হয়েছে।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্মাইলের সহসভাপতি তথা বরাক ভয়েসের সাধারণ সম্পাদক সৌমিত্র শংকর দত্ত, সম্পাদক আশিস চক্রবর্তী, প্রোগ্রাম কো-অর্ডিনেটর পার্থসারথি দাস, বরাক ভয়েসের সহসভানেত্রী সিক্তা দেবচৌধুরী, সদস্য মহুয়া দত্তরায় ও নবারুণ ভট্টাচার্য। তাঁরা জানান, ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই স্মাইল শুধু সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডই নয়, রক্তদান আন্দোলনের ক্ষেত্রেও বরাক উপত্যকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাঁরা আরও জানান, এবারের রবীন্দ্র-নজরুল কর্মশালায় অংশগ্রহণের জন্য কোনও নির্দিষ্ট বয়সসীমা রাখা হয়নি। সঙ্গীতপ্রেমী যে কোনও ইচ্ছুক পুরুষ-মহিলা এই কর্মশালায় অংশ নিতে পারবেন এবং এজন্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।












