বরাককণ্ঠ প্রতিবেদন: নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের দাপটে বর্ষা এলেই জলবন্দি হচ্ছে শিলচর সহ বারাক উপত্যকার শহরগুলি। ড্রেনে প্লাস্টিক আটকে জলবন্দী। ভেঙে পড়ছে রাস্তা, বাড়িঘরে নোংরা জল ঢুকছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে দোকান ও যানবাহন। ভোগান্তির শিকার স্কুলছাত্র থেকে অ্যাম্বুলেন্সে যাওয়া রোগী। এই অবস্থায় প্রতিবাদে সরব হলেন শহরের প্রবীণ নাগরিকরা। মঙ্গলবার প্রোঅ্যাকটিভ সিনিয়র সিটিজেন ফোরাম, শিলচরের পক্ষে সাধারণ সম্পাদক প্রফেসর দিলীপ কুমার দে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, আসামের মুখ্যসচিব এবং কাছাড়-হাইলাকান্দি-শ্রীভূমির জেলাশাসককে চিঠি দিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।
চিঠিতে ফোরাম জানায়, ২০২১ সালের ১ জুলাই থেকে কার্যকর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সংশোধনী নিয়ম ২০২১,কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় মানা হচ্ছে না। নিয়মিত অভিযান নেই। ফলে দক্ষিণ-পূর্ব ভারতের ভারী বৃষ্টিতে শহরগুলি বারবার জলমগ্ন হচ্ছে। মিজোরাম ছাড়া গোটা অঞ্চলে একক ব্যবহারের প্লাস্টিক অবাধে ব্যবহৃত হচ্ছে।
“জেলা ও পুর প্রশাসনের উদাসীনতায় স্কুলের বাচ্চা, বয়স্ক মানুষ, মহিলা, রোগী, নিত্যযাত্রী – সবার ভোগান্তি হচ্ছে। রাস্তা, ড্রেন, যানবাহন, দোকানের ক্ষতি মূলতঃ জাতীয় সম্পদের অপচয়। স্থানীয় সংবাদমাধ্যমও মানুষের দুর্ভোগের খবর বারবার তুলে ধরছে,” চিঠিতে উল্লেখ করেন ফোরামের সদস্যরা।
ফোরামের তরফে অবিলম্বে নিয়মিত অভিযান, জরিমানা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানানো হয়েছে।












