বরাককণ্ঠ প্রতিবেদন। পাটনা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সম্মান জানিয়ে এবার বিহারে তাঁর নামে মন্দির তৈরি হতে চলেছে। রাজ্যের রূপান্তরকামী কল্যাণ পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। পর্ষদের দাবি, মোদি সরকারের সময়েই রূপান্তরকামীরা আইনি স্বীকৃতি ও সামাজিক মর্যাদা পেয়েছেন, সেই কারণেই এই উদ্যোগ।
সমাজ কল্যাণ বিভাগের অধীনে থাকা বিহার রূপান্তরকামী কল্যাণ পর্ষদ গত বছর অগাস্টে যাত্রা শুরু করে। পর্ষদের কাজ হল রাজ্যের রূপান্তরকামীদের অধিকার সুরক্ষিত করা এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করা।
সম্প্রতি পর্ষদের এক বৈঠকে এই প্রস্তাব তোলেন সদস্য রঞ্জন সিংহ। তিনি বলেন, রাজ্যে রূপান্তরকামীদের আলাদা কোনও উপাসনাস্থল নেই। তাই প্রধানমন্ত্রীর নামে একটি মন্দির তৈরি করা হোক। তার যুক্তি ছিল, মোদি প্রথমবারের মতো রূপান্তরকামীদের প্রশাসনের মূলস্রোতে জায়গা দিয়েছেন এবং তাদের অধিকার নিয়ে কথা বলেছেন। বৈঠকে উপস্থিত সকল সদস্য এই প্রস্তাবে একমত হন এবং পর্ষদ তা অনুমোদনও দেয়।
রঞ্জন সিংহ বলেন, “এটা ধর্মীয় কারণে নয়। এটা আমাদের কৃতজ্ঞতা প্রকাশের উপায়। যিনি আমাদের স্বীকৃতি দিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জানাতেই এই মন্দির।”
যদিও এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। রূপান্তরকামী সমাজেরই কিছু অংশ এবং কয়েকজন সমাজকর্মী এই পদক্ষেপ নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন।












