বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা: বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও চেতনাকে আরও একবার বিশ্বের দরবারে তুলে ধরতে প্রস্তুত বিশ্ব বঙ্গ সম্মেলন। সংগঠনের ২৮তম প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে আগামী ২২, ২৩, ২৪, ২৫ ও ২৬ আগস্ট ২০২৬ – টানা ৫ দিন ধরে কলকাতার বসাক বাগান, মানিকতলা মেন রোডে বসতে চলেছে এক বিশাল সাংস্কৃতিক আসর। ওপেন প্যান্ডেলে আয়োজিত এই উৎসব ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে।
সম্মেলন কর্তৃপক্ষ জানিয়েছে, এই ৫ দিনের উৎসব শুধু অনুষ্ঠান নয়, এটি হবে বাঙালির মিলনমেলা। প্রতিদিন থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, গল্প ও কবিতা পাঠের পাশাপাশি থাকবে গুণীজন সম্বর্ধনা ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সভা। দেশের বিভিন্ন রাজ্য এবং জেলা থেকে বহু শিল্পী ও সংস্কৃতি কর্মী এই মঞ্চে তাদের প্রতিভা তুলে ধরবেন।
উৎসবকে সার্বিকভাবে সফল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ব বঙ্গ সম্মেলন কমিটি। দূর-দূরান্ত থেকে আগত শিল্পীদের জন্য থাকা ও খাওয়ার সুব্যবস্থা করবে কমিটি। সামান্য অনুদানের বিনিময়েই শিল্পীরা এই সুবিধা পাবেন। যারা এই মঞ্চে অংশ নিয়ে নিজেদের পরিবেশনা তুলে ধরতে ইচ্ছুক, তাদের জন্য আবেদনপত্র সংগ্রহের কাজ শুরু হয়েছে।
আয়োজকরা মনে করছেন, এমন একটি বৃহৎ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব হবে। একই সঙ্গে বিভিন্ন প্রান্তের বাঙালিদের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য আরও দৃঢ় হবে।
বিশ্ব বঙ্গ সম্মেলনের এই ২৮তম প্রতিষ্ঠা উৎসবের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক রাধাকান্ত সরকার এবং সাংস্কৃতিক সম্পাদিকা শিবানী দাস। তাদের নেতৃত্বেই এই মহাযজ্ঞকে সফল করে তোলার প্রস্তুতি চলছে জোরকদমে।বাংলা ও বাঙালির গর্বের এই উৎসবে সাধারণ মানুষের উপস্থিতিও কামনা করেছে সম্মেলন কর্তৃপক্ষ।












