,

পুরীর রথযাত্রায় পদপিষ্ট, শ্বাসকষ্টে এক ভক্তের মৃত্যু, আহত ২০০-র বেশি

ভিড়ের চাপে বেষ্টনী ভেঙে পড়ে ৫০ জন, তদন্তে প্রশাসন বরাককণ্ঠ প্রতিবেদন। পুরী: বিশ্বখ্যাত পুরীর জগন্নাথ রথযাত্রায় মর্মান্তিক ঘটনা। লক্ষ ভক্তের ভিড় সামলাতে গিয়ে পদপিষ্ট ও শ্বাসকষ্টজনিত সমস্যায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০০ জন। ঘটনাকে ঘিরে উৎসবের আনন্দে নেমে এসেছে শোকের ছায়া। প্রত্যক্ষদর্শীদের দাবি, আজ সকাল থেকে রথ টানার ঐতিহাসিক মুহূর্ত দেখতে বড় দণ্ডে…

ভিড়ের চাপে বেষ্টনী ভেঙে পড়ে ৫০ জন, তদন্তে প্রশাসন

বরাককণ্ঠ প্রতিবেদন। পুরী: বিশ্বখ্যাত পুরীর জগন্নাথ রথযাত্রায় মর্মান্তিক ঘটনা। লক্ষ ভক্তের ভিড় সামলাতে গিয়ে পদপিষ্ট ও শ্বাসকষ্টজনিত সমস্যায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০০ জন। ঘটনাকে ঘিরে উৎসবের আনন্দে নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আজ সকাল থেকে রথ টানার ঐতিহাসিক মুহূর্ত দেখতে বড় দণ্ডে ভিড় জমান ভক্তরা। অতিরিক্ত চাপের মধ্যে ৬০ বছর বয়সি এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে দ্রুত পুরী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগেও ভিড়ের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

এক ভক্ত জানান, রথের দড়ি টানার সময় হঠাৎ একটি বেষ্টনী ভেঙে পড়ে। তাতে ভারসাম্য হারিয়ে প্রায় ৫০ জন পড়ে যান। তাদের মধ্যে অনেকেই জখম হন।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও চিকিৎসক দল। আহতদের মধ্যে কয়েকজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতরদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। উদ্ধারকাজে বিশেষ দলও নামানো হয়।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ ও জরুরি পরিষেবা চালু রাখতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও মেডিক্যাল টিম মোতায়েন রয়েছে। এর আগের দিনও ভিড়ের মধ্যে এক ভক্ত অজ্ঞান হয়ে পড়েছিলেন। তারপর থেকেই প্রশাসন আরও সতর্ক ছিল। প্রতি বছরের মতো এবারও জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ টানতে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরীতে এসেছেন। ভক্তের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে মৃত্যুর কারণ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত বছর ২০২৫ সালের রথযাত্রাতেও পদপিষ্টের ঘটনায় বহু মানুষ আহত হয়েছিলেন। সেই স্মৃতি ফের উস্কে দিল আজকের দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *