সংঘ কেন্দ্রীয় সরকারের নীতি মেনে চলবে, সংলাপের দরজা খোলা রাখার পক্ষে মত
নাগপুর। ১৩জুন : শনিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপনের অংশ হিসাবে এক আলোচনাসভায় সংঘ প্রধান মোহন ভাগবত সংঘের জ্যেষ্ঠ আধিকারিক দত্তাত্রেয় হোসাবলের মন্তব্যের পক্ষে সাফাই দেন। গত মে মাসে এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হোসাবল পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার কথা বলেছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভাগবত বলেন, পাকিস্তান বিষয়ে সংঘ কেন্দ্রীয় সরকারের নীতি অনুসরণ করবে। তবে পাকিস্তানে অনেক মানুষ আছেন যারা মনে করেন ভারত ভাগ ভুল ছিল এবং সেখানকার অনেক সাংবাদিক সংঘ ও তার কাজের প্রশংসা করেন। সেখানে দুই জাতি তত্ত্বের বিরুদ্ধে ও পাকিস্তান-বিরোধী একটি স্পষ্ট স্রোত আছে। তারা বলেন একসঙ্গে বসবাস করাই ভালো ছিল। ভাগবত বলেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানকে একেবারে পরাজিত করে, তাহলে সেখানকার মানুষকে হয় ভারতের সঙ্গে যুক্ত করতে হবে, নয়তো তাদের নিজের দেশেই শান্তিতে বসবাসের সুযোগ দিতে হবে। আর সেজন্য সংলাপের দরজা খোলা রাখতে হবে। তিনি বলেন, আমরা হিটলারের মতো নই। ওটা আমাদের স্বভাব বা পথ নয়। তাই কিছু দরজা খোলা রাখতে হবে। অন্যায় ও অত্যাচারকে হারাতে হবে, কিন্তু ভালো যা আছে তা রক্ষা করতে হবে। ভাগবত জোর দিয়ে বলেন, কোনো দেশ নিয়ে সংঘের আলাদা বিদেশনীতি নেই। সংঘ কেন্দ্রীয় সরকারের অবস্থানই মেনে চলে। গত মে মাসে হোসাবল সাক্ষাৎকারে বলেছিলেন, একটি দেশের নিরাপত্তা ও আত্মসম্মান রক্ষা করতে হবে এবং সেদিনের সরকারকে তার দায়িত্ব নিতে হবে। কিন্তু একই সঙ্গে দরজা বন্ধ করে দেওয়া উচিত নয়। পাকিস্তান ও তার সন্ত্রাসে মদতের প্রসঙ্গে কীভাবে মোকাবিলা করা উচিত জানতে চাইলে তিনি বলেছিলেন, তাদের সঙ্গে সংলাপে সবসময় প্রস্তুত থাকতে হবে।












