,

নেতাজীকে অপমান: বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে তীব্র ধিক্কার ‘আমরা বাঙালী’-র

নিঃশর্ত ক্ষমা দাবি, বিজেপি নেতৃত্বকে অবস্থান স্পষ্ট করার আহ্বান নিজস্ব প্রতিবেদন। শিলচর: দেশের গর্ব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে ‘আমরা বাঙালী’। সংগঠনের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিবৃতিতে কেন্দ্রীয় প্রচার সচিব উজ্জ্বল ঘোষ বলেন, নেতাজী সুভাষচন্দ্র বসু শুধু একজন স্বাধীনতা সংগ্রামী…

নিঃশর্ত ক্ষমা দাবি, বিজেপি নেতৃত্বকে অবস্থান স্পষ্ট করার আহ্বান

নিজস্ব প্রতিবেদন। শিলচর: দেশের গর্ব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে ‘আমরা বাঙালী’।

সংগঠনের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিবৃতিতে কেন্দ্রীয় প্রচার সচিব উজ্জ্বল ঘোষ বলেন, নেতাজী সুভাষচন্দ্র বসু শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নন, তিনি ভারতবর্ষের আত্মমর্যাদা, বীরত্ব ও আপসহীন দেশপ্রেমের প্রতীক। সেই মহান বিপ্লবীকে অপমান করার দুঃসাহস কোনো দেশপ্রেমিক ভারতীয় মেনে নিতে পারে না। বিজেপি সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য শুধু ইতিহাসের প্রতি অজ্ঞতার পরিচয় নয়, এটি সমগ্র বাঙালী জাতি ও দেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ওপর প্রকাশ্য আঘাত।

বিবৃতিতে ‘আমরা বাঙালী’-র কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপোময় বিশ্বাস বলেন, সাম্প্রতিক সময়ে বিজেপির বিভিন্ন নেতা বারবার নেতাজীকে নিয়ে বিতর্কিত ও অসম্মানজনক মন্তব্য করে চলেছেন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাসকে বিকৃত করার এক সুপরিকল্পিত রাজনৈতিক প্রবণতার বহিঃপ্রকাশ। যাঁরা স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কার্যত কোনো ভূমিকা রাখেননি, তাঁরাই আজ দেশের মহান বিপ্লবীদের সম্মানহানি করার স্পর্ধা দেখাচ্ছেন।

‘আমরা বাঙালী’-র বক্তব্য, একজন সাংসদের মুখ থেকে এ ধরনের মন্তব্য কেবল অগ্রহণযোগ্য নয়, সাংবিধানিক দায়িত্ববোধেরও চরম অবমাননা। জনগণের প্রতিনিধি হয়ে ইতিহাস বিকৃতি, স্বাধীনতা সংগ্রামের মহানায়কদের অসম্মান এবং জাতীয় আবেগকে আঘাত করার কোনো নৈতিক অধিকার তাঁর নেই।

সংগঠনের তরফে অনন্ত মহারাজের এই ন্যক্কারজনক মন্তব্যের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত প্রকাশ্য ক্ষমা প্রার্থনা দাবি করা হয়েছে। পাশাপাশি, বিজেপির শীর্ষ নেতৃত্বকে এই মন্তব্যের বিষয়ে স্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে বলে দাবি জানানো হয়েছে। নীরবতা মানেই এই অপমানকে সমর্থন করা।

‘আমরা বাঙালী’ অসম রাজ্য কমিটিও এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছে। অসম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ বলেন, স্পষ্ট ভাষায় বলতে চাই— নেতাজীকে অপমান করা মানে বাঙালীর আত্মসম্মানকে অপমান করা, ভারতের স্বাধীনতা সংগ্রামের গৌরবকে অপমান করা। বাংলার মানুষ এই অবমাননা কোনোদিন মেনে নেবে না। নেতাজীর মর্যাদা, ইতিহাসের সত্য এবং বাঙালীর সম্মান রক্ষায় ‘আমরা বাঙালী’ অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে এবং গণআন্দোলনে সরব থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *