,

নিক্কণের উদ্যোগে রংপুর ও উধারবন্দে রবীন্দ্র জয়ন্তী, অঙ্কণ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর বরাক

বরাককণ্ঠপ্রতিবেদন: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবস উপলক্ষে নিক্কণ সঙ্গীত বিদ্যালয়ের রংপুর ও উধারবন্দ শাখায় পৃথকভাবে কবি প্রণাম অনুষ্ঠান ও অঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করে নিক্কণ সংস্থা। দুই কেন্দ্রেই নাচ-গান-আবৃত্তিতে রবীন্দ্রচেতনার পাশাপাশি আন্তর্জাতিক মাতৃ দিবসের তাৎপর্যও তুলে ধরা হয়। রংপুর শাখার অনুষ্ঠান সর্বজনীন কালীবাড়ি গঙ্গাপাড়ায় অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠানের সূচনা করেন নিক্কণের মুখ্য উপদেষ্টা নবেন্দু…

বরাককণ্ঠপ্রতিবেদন: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবস উপলক্ষে নিক্কণ সঙ্গীত বিদ্যালয়ের রংপুর ও উধারবন্দ শাখায় পৃথকভাবে কবি প্রণাম অনুষ্ঠান ও অঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করে নিক্কণ সংস্থা। দুই কেন্দ্রেই নাচ-গান-আবৃত্তিতে রবীন্দ্রচেতনার পাশাপাশি আন্তর্জাতিক মাতৃ দিবসের তাৎপর্যও তুলে ধরা হয়। রংপুর শাখার অনুষ্ঠান সর্বজনীন কালীবাড়ি গঙ্গাপাড়ায় অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠানের সূচনা করেন নিক্কণের মুখ্য উপদেষ্টা নবেন্দু বড়ভূঁইয়া এবং শিক্ষার্থী-শিল্পী-অভিভাবকরা। কবিগুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের পর রংপুর শাখার শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন অধ্যক্ষ শুভ্রাংশু নাথ মজুমদার। সভাপতির ভাষণে নবেন্দু বড়ভূঁইয়া শিশুদের রবীন্দ্র চেতনায় উৎসাহিত করার আহ্বান জানান। উধারবন্দ শাখায় সঙ্গীত শিক্ষিকা পাপিয়া দেব মজুমদারের দীপমন্ত্র উচ্চারণের সঙ্গে প্রদীপ জ্বেলে অনুষ্ঠান শুরু করেন মুখ্য অতিথি শিক্ষাবিদ-সাহিত্যিক-সঙ্গীতশিল্পী শরদিন্দু ভট্টাচার্য এবং নবাগত শিল্পী আরশিকা রায়ের সঞ্চালনায় ছাত্রছাত্রীরা নাচে-গানে শ্রদ্ধা জানায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি-সাংবাদিক নিহার কান্তি রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্য, চিত্রশিল্পী গৌর শঙ্কর নাথ, ববিতা সিনহা, প্রবীণ নাগরিক মঞ্জুশ্রী পাল ও অনিমা ঘোষ। স্বাগত ভাষণে শরদিন্দু ভট্টাচার্য অধ্যক্ষ শুভ্রাংশু নাথ মজুমদারের প্রয়াসের প্রশংসা করে বলেন, শিশুদের মধ্যে নিজস্ব সংস্কৃতি বাঁচানোর চেতনা জাগাতে তাঁর এই মহতী উদ্যোগ প্রশংসনীয় এবং মা ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানান। নিহার কান্তি রায় রবীন্দ্রনাথের ছোটবেলার প্রসঙ্গ তুলে মা ও মাতৃভাষার প্রতি দায়িত্বের কথা বলেন এবং সকলকে সংস্কৃতি রক্ষার লড়াইয়ে শামিল হওয়ার অনুরোধ করেন। বিজন ভট্টাচার্য অধ্যক্ষের প্রতিভার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শুরুতেই আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে মঞ্জুশ্রী পাল ও অনিমা ঘোষকে গামছা ও ফুলের তোড়া দিয়ে সম্মান জানিয়ে আশীর্বাদ নেন অধ্যক্ষ। এরপর সৌমশ্রী সাহা ও সুরজা রায়ের সমবেত নৃত্যের পর পায়েল দেব, মৌমিতা আচার্য, তিস্তা মোদক, সপ্তপর্ণা চক্রবর্তী, প্রজ্ঞা ঘোষ, অপরাজিতা পাল, শর্মিষ্ঠা রায়, দীপ্তি সাহা সহ নিক্কণের শিল্পীরা একক ও সমবেত নৃত্য ও সংগীত পরিবেশন করেন। অঙ্কণ প্রতিযোগিতার বিচারক গৌর শঙ্কর নাথ বিজয়ীদের আঁকা ছবি প্রদর্শন করে তার গুণমান ব্যাখ্যা করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শেষে ধন্যবাদ জ্ঞাপন করে অধ্যক্ষ শুভ্রাংশু নাথ মজুমদার ছাত্রছাত্রী, অভিভাবক ও শুভাকাঙ্খীদের পাশাপাশি স্থানীয় ব্যক্তিত্ব কুন্তল ভট্টাচার্য ও কিংশুক ভট্টাচার্যের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রজ্ঞা ঘোষ, দীয়া দাস ও দেবশ্রী সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *