বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি : নাগরিকত্ব আইন নিয়ে নতুন নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গত ১৯ আগস্ট জারি করা নতুন নির্দেশে জানানো হয়েছে, নাগরিকত্ব আইন ১৯৫৫-র অধীনে চলতি বছরের একটি সরকারি নির্দেশ কয়েকটি নির্দিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বলবৎ হবে না।
যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নির্দেশের আওতার বাইরে রাখা হয়েছে, সেগুলি হলো — গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, অসম (জনজাতি এলাকা ছাড়া), ত্রিপুরা (জনজাতি এলাকা ছাড়া), জম্মু ও কাশ্মীর এবং লাদাখ।
সরকারি নির্দেশে বলা হয়েছে, নাগরিকত্ব আইন ১৯৫৫-র ৬খ ধারার ১ উপ-ধারা এবং নাগরিকত্ব বিধি ২০০৯-এর ১১ক বিধির ১ ও ৩ উপ-বিধির ক্ষমতাবলে কেন্দ্রীয় সরকার জানাচ্ছে যে, স্বরাষ্ট্র মন্ত্রকের ১১ মার্চ ২০২৪ তারিখে সরকারি গেজেটে প্রকাশিত নির্দেশ উপরোক্ত রাজ্য ও অঞ্চলগুলিতে প্রযোজ্য হবে না।
দুটি পুরনো নির্দেশ বাতিল
নতুন এই নির্দেশের ফলে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ও ২ মার্চ জারি করা দুটি নির্দেশ বাতিল হয়ে গেল। তবে বাতিল হওয়ার আগে ওই নির্দেশগুলির অধীনে নেওয়া কোনো পদক্ষেপের উপর এর প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে।
আবেদন যাবে জেলাশাসকের কাছে
নির্দেশে আরও জানানো হয়েছে, এই আটটি রাজ্য ও অঞ্চলে নাগরিকত্ব আইনের ৬খ ধারার অধীনে ক্ষমতাপ্রাপ্ত সমিতি এবং জেলা স্তরের সমিতির কাছে যত আবেদন জমা পড়েছিল, সেগুলি এবার সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
এই নির্দেশ ১৯ আগস্ট সরকারি গেজেটে প্রকাশের দিন থেকেই কার্যকর হয়েছে।
উল্লেখ্য, নাগরিকত্ব আইনের ৬খ ধারায় আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ, যাঁরা আইনের শর্ত পূরণ করেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা আছে। নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯-এর মাধ্যমে এই ৬খ ধারাটি যুক্ত করা হয়েছিল এবং পরে ২০২৪ সালে এর বিধি প্রকাশ করা হয়।












