গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের জনসেবা পূর্তি উপলক্ষে অসমে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ শুরু করছে বিজেপি। এই উপলক্ষে দলের প্রত্যেক কার্যকর্তাকে ‘জনসেবাই নারায়ণ সেবা’র আদর্শে সমাজের প্রতিটি শ্রেণীর কাছে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা।
বৃহস্পতিবার গুয়াহাটিতে অনুষ্ঠিত বিজেপি অসম প্রদেশের বর্ধিত রাজ্যিক কার্যনির্বাহক সভায় মুখ্যমন্ত্রী বলেন, জনসেবাই বিজেপির রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। মোদী ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী হিসেবে সেবা, সুশাসন ও রাষ্ট্র নির্মাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই ঐতিহাসিক উপলক্ষকে শুধু উদযাপনে সীমাবদ্ধ না রেখে সেবার মাধ্যমে দায়বদ্ধতা প্রকাশ করতে হবে।
সভায় জানানো হয়, ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই অভিযান।
রাজ্যিক বিজেপির মুখপাত্র জয়ন্ত কুমার গোস্বামীর পাঠানো প্রেস বিবৃতি অনুযায়ী, অভিযানের মূল কর্মসূচিগুলি হল:
– ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে ‘আশীর্বাদ বাতি’ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা।
– ১৯ সেপ্টেম্বর প্রয়াত মহান শিল্পী জুবিন গর্গের স্মৃতিতে সমগ্র অসম জুড়ে বিজেপি কার্যালয়গুলিতে বৃহৎ রক্তদান কর্মসূচি। মুখ্যমন্ত্রী একে মহান মানবিক সেবা হিসেবে সফল করার আহ্বান জানান।
– ২৫ সেপ্টেম্বর দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তীতে সেবামূলক কর্মসূচি।
– ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে স্বদেশী, খাদি ও স্বচ্ছতা অভিযান।
এছাড়াও ‘আমার স্বপ্নের ভারত — চিত্র সেবা’, ‘নমো সেবা — অব্যক্ত কাহিনী’, ‘অঙ্গনওয়াড়ি মিলন সেবা’, ‘সেবা জ্যোতি/কলস যাত্রা’ সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।
রাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাজনৈতিক প্রস্তাব পাঠ করেন বিধায়ক দিপ্লু রঞ্জন শর্মা। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক পল্লব লোচন দাস। বক্তব্য রাখেন মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া, অশোক সিংহাল, অজন্তা নেওগ, রণোজ পেগু সহ অন্যান্য নেতারা।
বিবৃতিতে মুখপাত্র জয়ন্ত কুমার গোস্বামী জানান, সভাপতি দিলীপ শইকীয়া তাঁর সমাপনী বক্তব্যে বলেন, এই অভিযান কেবল সাংগঠনিক কর্মসূচি নয়, বরং সেবার মাধ্যমে সমাজের প্রতি বিজেপির দায়বদ্ধতার প্রতিফলন। তিনি রাজ্য, জেলা, মণ্ডল ও বুথ স্তরের সকল কার্যকর্তাকে এই অভিযান সফল করতে আত্মিকভাবে নিয়োজিত হওয়ার আহ্বান জানান।












