১ জুলাই সকাল ৯টায় শুরু, সন্ধ্যায় কলকাতা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা, থাকবে ক্রীড়া-অঙ্কন প্রতিযোগিতা ও সম্মাননা
বরাককণ্ঠপ্রতিবেদন: রবীন্দ্রনাথ ঠাকুরের নাচের চর্চাকে বরাক উপত্যকার প্রতিটি ঘরে পৌঁছে দিতে এবং নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের মঞ্চ তুলে দিতে বরাকভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে চলেছে। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা প্রতি বছর শিক্ষা ও সংস্কৃতির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বরাকের মানুষের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় আগামী ১ জুলাই ২০২৬ মঙ্গলবার সকাল ৯টা থেকে শিলচর শহরের প্রাণকেন্দ্র পার্ক রোডের ঐতিহ্যবাহী গান্ধী ভবনে “রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা” শুরু হবে। আয়োজকরা জানান, রবীন্দ্র নৃত্য শুধু নাচ নয়, এটি বাঙালির আবেগ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই ছোট থেকে বড় সকল বয়সের ছাত্র-ছাত্রীদের এই চর্চায় যুক্ত করতে তিনটি ভাগে প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিযোগিতার ‘ক’ বিভাগে অংশ নেবে ১ থেকে ৪শ্রেণির ছাত্র-ছাত্রীরা, ‘খ’ বিভাগে থাকবে ৫ থেকে ৮শ্রেণির ছেলে-মেয়েরা এবং ‘গ’ বিভাগে ৯ম শ্রেণি থেকে স্নাতক স্তর পর্যন্ত ছাত্র-ছাত্রীরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নৃত্য বিচার করার দায়িত্বে থাকবেন কলকাতা ও শিলচরের বিশিষ্ট ব্যক্তিরা। তাদের বিচারেই ঠিক হবে কারা সেরার সেরা। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মাত্র ৫০ টাকা প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে যাতে সকল ঘরের ছেলে-মেয়েরা অংশ নিতে পারে। প্রতিযোগীরা নাম দিতে আয়োজক কমিটির কার্যকরী সভাপতি সন্তোষ চন্দ, সভাপতি মনোতোষ ধর, সম্পাদক বিজয় দেবনাথ এবং কর্ডিনেটর অনুপম দের সাথে যোগাযোগ করতে পারবে। দিনের কর্মসূচির পর ১ জুলাই সন্ধ্যায় থাকবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ। আয়োজক কমিটির সভাপতি মনোতোষ ধর জানান, সমাজে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকা বিশিষ্ট ব্যক্তিদের এই অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে ক্রীড়া ও অঙ্কন প্রতিযোগিতা। কার্যকরী সভাপতি সন্তোষ চন্দ জানান, ১ জুলাই কলকাতা এবং স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ থাকবে নৃত্যনাট্য ‘বীরপুরুষ’। আয়োজক কমিটি আশাবাদী এই নৃত্যনাট্য অনুষ্ঠানের আলাদা মাত্রা এনে দেবে। কলকাতার একঝাঁক শিল্পী বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রতিষ্ঠাতা সম্পাদক রাধাকান্ত সরকারের নেতৃত্বে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আয়োজক কমিটির সম্পাদক বিজয় দেবনাথ সকলের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেছেন। সকলের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠান সফল হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক কমিটির কর্ডিনেটর অনুপম দে। বরাকভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বরাক উপত্যকায় রবীন্দ্র নৃত্য চর্চার পরিবেশ আরও জোরদার করা এবং প্রতিভাবান ছেলে-মেয়েদের সামনে তুলে ধরাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। রবীন্দ্রনাথের ভাব ও আদর্শকে সামনে রেখে ভবিষ্যতেও এমন সাংস্কৃতিক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে সংস্থা।












