বরাককণ্ঠ প্রতিবেদন। বেঙ্গালুরু: কর সংক্রান্ত প্রস্তাবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে, ছাড় বা হার কমানোর দাবির ঊর্ধ্বে উঠে ভাবতে হবে। শনিবার বেঙ্গালুরুতে ‘নিউ এজ ট্যাক্সেশন’ সম্মেলনের উদ্বোধনে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
ইন্টারন্যাশনাল ট্যাক্স রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন আয়োজিত দু’দিনের এই সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, শিক্ষাবিদ, গবেষক এবং থিঙ্ক ট্যাঙ্কগুলিকে স্বাধীন কর-নীতি নিয়ে গবেষণাকে জন-আলোচনার অংশ করে তুলতে হবে, যাতে তা পরীক্ষা, চ্যালেঞ্জ এবং উন্নত করা যায়।
প্রাক-বাজেট আলোচনা প্রসঙ্গে সীতারামন বলেন, এই আলোচনায় বড় প্রশ্ন তোলা জরুরি – বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যে আগামী দুই দশকে ভারতের কর ব্যবস্থা কেমন হওয়া উচিত।
তিনি আরও বলেন, কর নিয়ে গবেষণা হতে হবে সর্বাঙ্গীণ। এর প্রভাব পরিমাপ করতে হবে, আপসের জায়গাগুলি চিহ্নিত করতে হবে এবং রাজস্ব ক্ষতির জন্য কার্যকর বিকল্প প্রস্তাব দিতে হবে। তবেই সরকারের পক্ষে সঠিক কর-নীতি তৈরি করা সম্ভব হবে।












