,

কনফার্ম টিকিটেও মেলেনি আসন, চার যাত্রীকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ রেলকে

বরাককণ্ঠপ্রতিবেদন: টিকিট কনফার্মড থাকা সত্ত্বেও সংরক্ষিত আসন দিতে পারেনি রেল। বাধ্য হয়ে দাঁড়িয়ে সফর করতে হয়েছে চার যাত্রীকে। এই অভিযোগে ভারতীয় রেলকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল ভোজপুর কনজ়ুমার রিড্রেসাল কমিশন। ‘বার অ্যান্ড বেঞ্চ’-এর প্রতিবেদন অনুসারে, মামলাকারী চার যাত্রী উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে বিহারের ভোজপুর যাচ্ছিলেন এলটিটি পটনা এক্সপ্রেসে। ট্রেনে উঠে তাঁরা দেখেন, তাঁদের…

বরাককণ্ঠপ্রতিবেদন: টিকিট কনফার্মড থাকা সত্ত্বেও সংরক্ষিত আসন দিতে পারেনি রেল। বাধ্য হয়ে দাঁড়িয়ে সফর করতে হয়েছে চার যাত্রীকে। এই অভিযোগে ভারতীয় রেলকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল ভোজপুর কনজ়ুমার রিড্রেসাল কমিশন।

‘বার অ্যান্ড বেঞ্চ’-এর প্রতিবেদন অনুসারে, মামলাকারী চার যাত্রী উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে বিহারের ভোজপুর যাচ্ছিলেন এলটিটি পটনা এক্সপ্রেসে। ট্রেনে উঠে তাঁরা দেখেন, তাঁদের কনফার্মড আসনে বসে যাত্রা করছেন রেলেরই কয়েকজন কর্মী। আসন ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও ওই কর্মীরা কানে তোলেননি বলে অভিযোগ।

কমিশনের পর্যবেক্ষণ
কৃষ্ণপ্রতাপ সিংহ এবং কমলকিশোর সিংহের বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, রেলের তরফে ঠিকঠাক পরিষেবা না দেওয়ার কারণে ওই চার যাত্রীর ‘মানসিক, শারীরিক এবং আর্থিক ভোগান্তি’ হয়েছে। চারটি টিকিটের মোট দাম ছিল ১,৮৭৬ টাকা ৮০ পয়সা।

কমিশন উত্তর-মধ্য রেল এবং ভারতীয় রেলকে ৬০ দিনের মধ্যে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসাবে ওই চার যাত্রীকে ফেরত দিতে নির্দেশ দিয়েছে। সময়ের মধ্যে টাকা না দিলে ১০ শতাংশ বার্ষিক সুদের হারে যাত্রীরা টাকা আদায় করতে পারবেন।

অভিযোগ করেও সুরাহা হয়নি
চার মামলাকারী জানিয়েছেন, ঘটনার সময় তাঁরা রেলের হেল্পলাইন এবং সমাজমাধ্যমের অ্যাকাউন্টে অভিযোগ জানানোর চেষ্টা করেছিলেন। এসএমএসের মাধ্যমে অভিযোগ দায়ের করার রেফারেন্স নম্বরও পেয়েছিলেন। কিন্তু তার পরেও রেলের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।

রেলের এই গাফিলতির বিরুদ্ধে কনজ়ুমার কমিশনের রায় যাত্রী অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ নজির বলে মনে করছেন আইনজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *