২ আগস্ট ২০২৪-এ পূর্তমন্ত্রীকে স্মারকলিপির পর ফের ২ জুন ২০২৬-এ বিধায়ক রাজদীপ গোয়ালার কাছে আবেদন
বরাককণ্ঠ প্রতিবেদন, উধারবন্দ: বছরের পর বছর ধরে অবহেলিত হয়ে পড়ে থাকা ছোট দুধপাতিল গ্রান্টের পূর্বলাইন উত্তরপাড়ার রাস্তাটি এবার সংস্কারের আশায়। রাস্তার বেহাল দশার কথা তুলে ধরে মঙ্গলবার উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালার কাছে স্মারকলিপি প্রদান করল সামাজিক ব্যাধির বিরুদ্ধে যুব সংগঠন—ইয়াসি কেন্দ্রীয় কমিটি ও ইয়াসি ছোট দুধপাতিল জিপি কমিটি।
সংগঠনের তরফে জানানো হয়, উধারবন্দ বিধানসভার অন্তর্গত এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযুক্ত। বর্ষা এলেই কাদা-জলে পরিণত হয়। ফলে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী থেকে অসুস্থ রোগী, কৃষক—সকলকেই চরম দুর্ভোগের শিকার হতে হয়।
ইয়াসি কেন্দ্রীয় কমিটি ও জিপি কমিটি দীর্ঘদিন ধরেই রাস্তাটির নির্মাণের দাবিতে সোচ্চার। ২ আগস্ট ২০২৪ তারিখে তৎকালীন অসমের পূর্ত বিভাগের মন্ত্রীর কাছেও স্মারকলিপি প্রদান করা হয়েছিল। এরপর থেকে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও বিভাগের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছে সংগঠন। প্রাক্তন বিধায়ক মিহির কান্তি সোমের সময়েও জিপি কমিটির সদস্যরা নিয়মিত তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বর্তমানে রাস্তাটির জরিপের কাজ চলছে। এই পরিস্থিতিতে আজ ইয়াসি কেন্দ্রীয় কমিটি পুনরায় বিধায়ক রাজদীপ গোয়ালার কাছে আবেদন জানায়, যাতে তিনি বিষয়টিতে জরুরি হস্তক্ষেপ করেন এবং দ্রুত নির্মাণকাজ শুরু করার ব্যবস্থা নেন।
আজকের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াসি ছোট দুধপাতিল জিপি কমিটির সভাপতি গণেশ মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন সম্পাদক মনোজ কালোয়ার, নন্দু রবিদাস, বিজন রবিদাস, আহাদ বড়ভূঁইয়া, সাজন লস্কর-সহ অন্যান্য সদস্যবৃন্দ।
স্মারকলিপি গ্রহণ করে বিধায়ক রাজদীপ গোয়ালা প্রতিনিধি দলকে আশ্বাস দেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন এবং রাস্তা নির্মাণের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন।
স্থানীয় বাসিন্দারাও ইয়াসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, এবার বোধহয় তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।












