,

আন্তর্জাতিক যোগ দিবস পালিত: সুস্থ শরীর ও মানসিক প্রশান্তির বার্তা ছড়াল কেশব স্মারক সমিতি, শিলচর

বরাককণ্ঠ প্রতিবেদন: সমগ্র দেশের সঙ্গে তাল মিলিয়ে আজ ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল কেশব স্মারক সমিতি, শিলচর। শিলচরের ইসকন মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সংঘের স্বয়ংসেবকদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশ নেন। অনুষ্ঠানের সূচনায় কেশব স্মারক সমিতির সভাপতি মৃদুল কুমার ধর স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, বর্তমান…

বরাককণ্ঠ প্রতিবেদন: সমগ্র দেশের সঙ্গে তাল মিলিয়ে আজ ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল কেশব স্মারক সমিতি, শিলচর। শিলচরের ইসকন মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সংঘের স্বয়ংসেবকদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশ নেন। অনুষ্ঠানের সূচনায় কেশব স্মারক সমিতির সভাপতি মৃদুল কুমার ধর স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, বর্তমান ব্যস্ত ও চাপপূর্ণ জীবনে যোগব্যায়াম শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন। নিয়মিত যোগাভ্যাস মানুষের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক স্থিতি, আত্মবিশ্বাস ও ইতিবাচক চিন্তাধার বিকাশ ঘটায়। পরে সমিতির সদস্যদের পরিচালনায় বিভিন্ন যোগাসন, সূর্য প্রণাম, প্রাণায়াম ও ধ্যানের অনুশীলন হয়। উপস্থিত সকলে সক্রিয়ভাবে অংশ নিয়ে সুস্থ ও সুশৃঙ্খল জীবন গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয়, যোগ কেবল রোগ প্রতিরোধের উপায় নয়, বরং ব্যক্তি, পরিবার ও সমাজের মধ্যে সুস্থতা, সংযম ও সামঞ্জস্য প্রতিষ্ঠার এক কার্যকর মাধ্যম। আন্তর্জাতিক যোগ দিবসের মূল লক্ষ্য হল মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং প্রাচীন ভারতীয় যোগবিদ্যার বৈজ্ঞানিক ও সার্বজনীন গুরুত্ব সম্পর্কে মানুষকে জানানো। আজ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ যোগচর্চার মাধ্যমে সুস্থ জীবনযাপনের পথে এগোচ্ছেন। সেই ধারাকে আরও শক্তিশালী করতে কেশব স্মারক সমিতির এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে। অনুষ্ঠানের শেষ পর্বে কেশব স্মারক সমিতির সম্পাদক সুশান্ত দেব উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি যোগাভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করার আহ্বান জানিয়ে বলেন, সুস্থ শরীর, প্রশান্ত মন ও উন্নত সমাজ গঠনে যোগের বিকল্প নেই। উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে শিলচরের এই আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন সফলভাবে শেষ হয়। যোগের মাধ্যমে সুস্থ, সচেতন ও ইতিবাচক সমাজ গঠনের বার্তাই ছিল এদিনের অনুষ্ঠানের মূল বিষয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *