,

অসম সফরের দ্বিতীয় দিনে সাংস্কৃতিক সেতুবন্ধনে জোর দিলেন উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণণ

গৌহাটি বিশ্ববিদ্যালয়ে ২৫০ কোটির পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর, শিক্ষায় অসমের উত্থানের প্রশংসা বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : প্রথমবার অসম সফরের দ্বিতীয় ও শেষ দিনে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ সোমবার অসম ও তামিলনাড়ুর মধ্যে বাড়তে থাকা সাংস্কৃতিক যোগসূত্রের কথা তুলে ধরলেন। গৌহাটি বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি বলেন, “অসমীয়া সাহিত্যের বহু রচনা এখন ভারতীয় ভাষায়, এমনকি…

গৌহাটি বিশ্ববিদ্যালয়ে ২৫০ কোটির পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর, শিক্ষায় অসমের উত্থানের প্রশংসা

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : প্রথমবার অসম সফরের দ্বিতীয় ও শেষ দিনে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ সোমবার অসম ও তামিলনাড়ুর মধ্যে বাড়তে থাকা সাংস্কৃতিক যোগসূত্রের কথা তুলে ধরলেন।

গৌহাটি বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি বলেন, “অসমীয়া সাহিত্যের বহু রচনা এখন ভারতীয় ভাষায়, এমনকি তামিল ভাষাতেও অনুবাদ হচ্ছে। এই উদ্যোগগুলো বুঝিয়ে দেয় আমাদের সংস্কৃতি কতটা কাছাকাছি।”

তিনি জানান, ফিরে গিয়ে তামিলনাড়ু বিশ্ববিদ্যালয়কে অসমীয়া সাহিত্য তামিলে অনুবাদের জন্য উৎসাহিত করতে বলবেন, যাতে “ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে একে অপরের সংস্কৃতি বুঝতে পারি।”

বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে ভরা সভায় উপরাষ্ট্রপতি বলেন, অসম সব ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। জাতীয় পারফরম্যান্স গ্রেডিং ইনডেক্সে রাজ্য ২৭তম থেকে ১২তম স্থানে উঠে এসেছে। আইআইএম গুয়াহাটিতে প্রথম এমবিএ ব্যাচ শুরু হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। জানান, ২০২১ সাল থেকে অসমে ১.৬৪ লাখের বেশি মেধাভিত্তিক সরকারি নিয়োগ হয়েছে।

“এসবই প্রমাণ করে রাজ্যের উন্নয়ন সঠিক পথে ও ইতিবাচক দিকে এগোচ্ছে,” বলেন তিনি।

যুবদের বিশ্বমুখী হওয়ার আহ্বান হিমন্তের

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা অসমের যুবদের ভৌগোলিক সীমা ছাড়িয়ে বৈশ্বিক পরিষেবা ক্ষেত্রের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। বলেন, “এখন সময় এসেছে আমাদের যুবরা শুধু অসম বা ভারতের মধ্যে সীমাবদ্ধ না থেকে বৈশ্বিক পরিষেবায় অংশ নিক।” এজন্য বিদেশি ভাষা দক্ষতার ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার।

তাইওয়ানের উদাহরণ টেনে তিনি বলেন, সীমিত প্রাকৃতিক সম্পদ ও চীনের চাপ সত্ত্বেও কীভাবে তাইওয়ান বৈশ্বিক প্রাসঙ্গিকতা তৈরি করেছে, তা ছাত্রদের পড়া উচিত।

গৌহাটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসেবে হিমন্ত জানান, ১১০ কোটি টাকার প্রকল্প চলছে প্রথম ধাপে — এটি রাজ্য সরকারের প্রস্তাবিত ২৫০ কোটি টাকার বিনিয়োগের অংশ। প্রথম ধাপে থাকছে অ্যাকাডেমিক ভবন, ছেলেদের হোস্টেল, আধুনিক মেস, আন্তর্জাতিক ছাত্র হোস্টেল, কৃষ্ণকান্ত হ্যান্ডিক লাইব্রেরির সেমিনার হল সংস্কার, বিরিঞ্চি কুমার বরুয়া অডিটোরিয়াম উন্নয়ন এবং গ্রেড-ডি কর্মীদের আবাসন।

বাকি ১৪০ কোটির প্রস্তাব দ্রুত জমা দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলেন তিনি, যাতে চলতি অর্থবছরেই অনুমোদন দেওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য আর্থিক সহায়তার ঘোষণাও করেন।

অনুষ্ঠানে গৌহাটি বিশ্ববিদ্যালয় প্রেস প্রকাশিত দুটি বই — ‘চন্দ্রকান্ত অভিধান’ এবং ‘ভূপেন হাজারিকা: হান্ড্রেড ইয়ার্স অফ আ ওয়ান্ডারিং সং’-এর প্রকাশ করা হয়।

এর আগে দিনের শুরুতে উপরাষ্ট্রপতি মা কামাখ্যা মন্দিরে গিয়ে দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। আজই তার মেঘালয় যাওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *