বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : উচ্চশিক্ষায় আর্থিক বাধা দূর করতে অসম সরকার আজ বড় পদক্ষেপ নিল। রাজ্যের ৪৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মুখ্যমন্ত্রীর নিযুত মৈনা আঁচনি’ এবং ‘মুখ্যমন্ত্রীর নিযুত বাবু আঁচনি’-র আবেদনপত্র বিতরণের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা।
এই দুটি আঁচনির মাধ্যমে ৬ লক্ষেরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে সরাসরি আর্থিক সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, “শিক্ষার আলোয় তোমাদের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। ‘নিযুত মৈনা’ আঁচনির সাফল্য ইতিমধ্যেই অসমে বাল্যবিবাহের হার ৮০%-এরও বেশি কমিয়েছে। এই সাফল্যে অনুপ্রাণিত হয়েই এবার আর্থিকভাবে দুর্বল এবং মধ্যবিত্ত পরিবারের ছাত্রদের জন্য ‘নিযুত বাবু’ আঁচনি চালু করা হলো, যাতে তারাও নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য স্পষ্ট। আর্থিক বাধা যেন কোনো শিক্ষার্থীর স্বপ্নকে থামিয়ে দিতে না পারে। বিনামূল্যে পাঠ্যপুস্তক ও পোশাক, বিনামূল্যে ভর্তি, আর্থিক সহায়তা থেকে শুরু করে উচ্চশিক্ষার সুযোগ — শিক্ষার্থীদের প্রতিটি পদক্ষেপে অসম সরকার পাশে থাকবে।”
মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা স্বপ্ন দেখো, পড়াশোনা করো এবং এগিয়ে যাও। তোমাদের সাফল্যই গড়ে তুলবে নতুন, শক্তিশালী এবং আত্মনির্ভর অসম।”

উল্লেখ্য, ‘নিযুত মৈনা’ আঁচনি মূলত ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এবং বাল্যবিবাহ রোধে চালু করা হয়েছিল। এবার তার আদলেই ছাত্রদের জন্য ‘নিযুত বাবু’ আঁচনি আনা হলো। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড.রণোজ পেগু মহাশয় সহ অন্যান্য মন্ত্রী,বিধায়ক এবং বিভাগীয় আধিকারিক সহ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।












