‘ইন্ডাস্ট্রি ৪.০’-এর পথে অসম, ২৫০০-র বেশি কর্মসংস্থানের সম্ভাবনা
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : অসমকে উন্নত উৎপাদন, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিল্প উন্নয়নের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ কামরূপ জেলার বঙরস্থিত টেক সিটিতে ডিজিটাল ডিজাইন ও থ্রি-ডি প্রিন্টিং সেন্টার অফ এক্সিলেন্স উদ্বোধন করলেন অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় আধিকারিক-সহ অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
এই অত্যাধুনিক কেন্দ্রটি স্বাস্থ্যসেবা, উৎপাদন ক্ষেত্র, এমএসএমই, তেল ও গ্যাস, খনি, কৃষি ও শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল ডিজাইন এবং থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তির ব্যাপক ব্যবহার ত্বরান্বিত করবে। একইসঙ্গে স্বদেশী উৎপাদন বৃদ্ধি, আমদানির বিকল্প তৈরি এবং সরবরাহ শৃঙ্খলকে আরও শক্তিশালী করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই কেন্দ্রে অত্যাধুনিক ডিজিটাল ডিজাইন, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং এবং র্যাপিড প্রোটোটাইপিং-এর সুবিধা থাকবে। এর ফলে স্বাস্থ্য, মহাকাশ, জ্বালানি, কৃষি-সহ একাধিক ক্ষেত্রে দ্রুত উদ্ভাবন সম্ভব হবে। অসমের এমএসএমইগুলিও এখানে বসেই নতুন পণ্য তৈরি করে “মেড ইন অসম” সমাধান দিতে পারবে। এটি আমদানির বিকল্প হিসেবেও খুব শক্তিশালী একটি হাতিয়ার হয়ে উঠবে।
সূত্রের খবর, এই উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় ৮৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ১৬৮০ জনেরও বেশি মানুষ এর থেকে উপকৃত হয়েছেন। আগামী দিনে এই কেন্দ্র ২৫০০-র বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
উদ্ভাবন, উন্নত দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা-শিল্প সহযোগিতার মাধ্যমে এই কেন্দ্র অসমের ‘ইন্ডাস্ট্রি ৪.০’ ইকোসিস্টেম*-কে আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে।













